যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে বিমানবন্দরের কাছে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন টেক্সাসের ২২ বছর বয়সী ফ্লাইট প্রশিক্ষক ম্যাডি আসবো, ওরেগনের ৩৮ বছর বয়সী পাইলট টাইলার স্টারডিভ্যান্ট এবং যুক্তরাজ্যের এক শিক্ষানবিশ পাইলট। ইয়ামহিল কাউন্টির শেরিফ স্যাম এলিয়ট এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষ জানায়, একটি হেলিকপ্টারে প্রশিক্ষক ও শিক্ষানবিশ পাইলট ছিলেন। অন্যটিতে ছিলেন একমাত্র পাইলট স্টারডিভ্যান্ট। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি একটি ব্যক্তিমালিকানাধীন কৃষিজমিতে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় লাল ও সবুজ রঙের দুটি হেলিকপ্টারই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কাছের হাইওয়ে ২৩৩-এর প্রায় এক মাইল অংশ বন্ধ করে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও (এফএএ) তদন্তে যুক্ত হয়েছে।
এদিকে দুর্ঘটনায় জড়িত একটি হেলিকপ্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান জেরি ট্রিম্বল হেলিকপ্টারস জানিয়েছে, তারা তদন্তকারী কর্তৃপক্ষকে সহযোগিতা করছে। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: সিএনএন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



