আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্থাপনায় ইরানের ভয়ংকর হামলা

সোহানুর রহমান শুভ

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্থাপনায় ইরানের ভয়ংকর হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ‘সবচেয়ে তীব্র ও ভারী অভিযান’ শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে তেহরানের লাগাতার হামলার কারণে ইসরাইলসহ উপসাগরীয় দেশগুলো বিমান হামলা ও সতর্কতা জারির পর নতুন করে তীব্র হামলা শুরু করেছে ইরান।

ইরান জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দিন দিন তীব্রতর হওয়ার যুদ্ধের ১২তম দিনে তারা সবচেয়ে তীব্র অভিযান শুরু করেছে। দেশটি সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ‘সবচেয়ে তীব্র অভিযান ও ক্ষেপণাস্ত্র হামলা’ শুরু করেছে।

বিজ্ঞাপন

গতকাল বুধবার ভোরে ইরান দাবি করে, দেশটি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ‘সবচেয়ে তীব্র ও ভারী’ অভিযান শুরু করেছে। ইসরাইলসহ উপসাগরীয় বেশ কয়েকটি দেশে আক্রমণ প্রতিহত করার খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইরানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি কর্তৃক প্রকাশিত ফুটেজে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য দেখা গেছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এছাড়া, বির ইয়াকুব, পশ্চিম জেরুসালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসি জানায়, তারা ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও ব্যাপক হামলা চালিয়েছে। এছাড়া, কুয়েত ও বাহরাইনে মোতায়েনকৃত মার্কিন সেনাদের ওপর হামলা হয়েছে।

বাহিনীটি জানায়, কুয়েতের আল-উদাইরি হেলিকপ্টার ঘাঁটি, মোহাম্মদ আল-আহমদ নৌঘাঁটি এবং আলী আল-সালেম বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। বাহরাইনে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করা হয়েছে। এছাড়া, ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থা, উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফায় একটি নৌঘাঁটি ও রাডার সিস্টেমে হামলার কথা জানায় ইরানের সেনাবাহিনী।

বুধবার ভোরে ইসরাইল ও ইরানের মধ্যে গোলাগুলি বিনিময় হয়েছে এবং হরমুজ প্রণালিতে একটি জাহাজে আক্রমণ করেছে ইরান। মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ করে তেহরান এই অঞ্চলের তেল শিল্পের ওপর চাপ বজায় রেখেছে। এতে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি করেছে।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহনের যাতায়াত পথ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে ইরান। এছাড়া, দেশটি বিশ্ব অর্থনীতিতে প্রভাবিত করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে চাপে রাখতে আরব দেশগুলোর তেলক্ষেত্র ও শোধনাগারগুলোতেও আক্রমণ চালিয়ে আসছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে দুটি ড্রোন পড়ে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন ঘানার নাগরিক এবং একজন বাংলাদেশি ও একজন ভারতীয়। দুবাই মিডিয়া অফিস সামাজিকমাধ্যম এক্সে একটি পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালিতে প্রজেক্টাইলের আঘাতে একটি কার্গো জাহাজে আগুন লেগেছে। এর ফলে ক্রুরা জাহাজটি সরিয়ে নিতে এবং সাহায্য চাইতে বাধ্য হয়েছে। কর্তৃপক্ষ জানায়, হরমুজ প্রণালিতে অজানা প্রজেক্টাইলের সংঘর্ষে একটি কার্গো জাহাজ আগুন লেগেছে।

এদিকে, সৌদি আরব ঘোষণা করেছে যে দেশটি বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পূর্ব প্রদেশে চারটি ড্রোন, শায়বা মাঠে যাওয়ার পথে খালি কোয়ার্টারে দুটি, আল খার্জ গভর্নরেটের পূর্বে পাঁচটি, হাফর আল বাতিনে দুটি ড্রোন এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে নিক্ষিপ্ত ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পূর্ব প্রদেশের দিকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

সুস্থ ও নিরাপদ আছেন মুজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি চলমান যুদ্ধে আঘাত পেলেও ‘নিরাপদ ও সুস্থ আছেন’ বলে জানা গেছে। দেশটির প্রেসিডেন্টের ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান এ তথ্য জানিয়েছেন।

বুধবার পেজেশকিয়ান তার টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে লেখেন, আমি খবর পেয়েছিলাম যে মুজতবা খামেনি আহত হয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাকে জানিয়েছেন, আল্লাহর রহমতে, তিনি নিরাপদ ও সুস্থ আছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সি মুজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ হিসেবে অভিহিত করলেও তার আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার শুরুর দিকে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার দিনেই তার ছেলে মুজতবা খামেনি আহত হন। এরপর থেকেই তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। গত ৮ মার্চ তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। তখন থেকেই তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে বিভিন্ন গুঞ্জন শুরু হয়।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের কাছে এক লিটার তেলও পৌঁছাতে দেবে না ইরান

হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের অংশীদারদের কাছে ‘এক লিটার তেল’ও পৌঁছাতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি।

তিনি বলেন, তাদের উদ্দেশ্যে যাওয়া যেকোনো জাহাজ বা ট্যাংকার এখন থেকে ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।

লাগাতার হামলার হুঁশিয়ারি দিয়ে জোলফাগারি বলেন, ইরানের পারস্পরিক বা সমানুপাতিক পাল্টা আঘাতের নীতি শেষ হয়েছে। এখন থেকে তেহরানের নীতি হবে- শক্র পক্ষের একটি আঘাতের পর পরবর্তী আঘাতের জন্য অপেক্ষা না করে ‘লাগাতার হামলা’ চালিয়ে যাওয়া।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ব্যাংকে হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাংকে হামলার হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি। ইরানের একটি ব্যাংকে হামলার প্রতিশোধ নিতে এই হুমকি দিয়েছে দেশটি।

ইব্রাহিম জোলফাগারি বলেন, শত্রুপক্ষ আমাদের ওপর হামলা চালিয়ে তাদের অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে আঘাত করার সুযোগ করে দিয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল জানিয়েছে, তেহরানে রাষ্ট্রীয় মালিকানাধীন সেপাহ ব্যাংকের একটি ভবনে হামলা হয়েছে। এর আগে মঙ্গলবার ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, সেপাহ ব্যাংকসহ আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক মেল্লির অনলাইন সেবা বিঘ্নিত হয়েছে।

ইরাকে ড্রোন হামলায় কুর্দি যোদ্ধা নিহত

ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলায় এক কুর্দি যোদ্ধা নিহত এবং দুজন আহত হয়েছেন। বুধবার কোমালা পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান এ তথ্য জানায়। তারা জানায়, ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের সুলাইমানিয়া শহরের কাছে জরগুয়েজালা এলাকায় তাদের অবস্থান লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে।

দলটির কর্মকর্তারা জানান, হামলায় অন্তত আটটি ড্রোন ব্যবহার করা হয়েছে। এতে একজন যোদ্ধা নিহত এবং দুজন আহত হয়েছেন। দলটির কর্মকর্তা আলী রাঞ্জদার এই হামলার জন্য ইরানকে দায়ী করেছেন।

তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো কিছু বলা হয়নি। ইরান এর আগেও ইরাকের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তেহরানের অভিযোগ, এসব গোষ্ঠী পশ্চিমা বা ইসরাইলি স্বার্থে কাজ করছে।

তেহরানের মেহরাবাদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। বুধবার সকালে সামাজিকমাধ্যমে পোস্ট করা ওই ভিডিওতে বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আগুনের বিশাল আভা দেখা যায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই বিস্ফোরণের শব্দ ও দৃশ্য সংবলিত একটি ভিডিওর ভৌগোলিক অবস্থান শনাক্ত করেছে । ইসরাইলি বাহিনী বুধবার ভোরে তেহরানে নতুন করে বিমান হামলা শুরু করার কথা জানানোর পর এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

ইরানে ২০ হাজার বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত

চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে প্রায় ২০ হাজার বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ইরানে এ পর্যন্ত অন্তত ১৯ হাজার ৭৩৪টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটি জানায়, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে হাসপাতাল, স্কুল ও ত্রাণ সহায়তা কেন্দ্রও রয়েছে। এর মধ্যে ৭৭টি চিকিৎসাকেন্দ্র এবং ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়া, রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত ১৬টি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের ১৯ কর্মকর্তা-সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা

তেহরানে বিক্ষোভ দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের ১৯ কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস এই তথ্য জানিয়েছেন।

কাজা ক্যালাস জানান, দমন-পীড়নের মাধ্যমে ইরানের ভবিষ্যৎ গড়া সম্ভব নয়— তেহরানকে এমন বার্তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ইরান যুদ্ধ চলাকালে ইইউ নিজের স্বার্থ রক্ষা করবে এবং দেশটিতে যারা দমন-পীড়নের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

ইরান আক্রমণে রোমানিয়ার ঘাঁটি ব্যবহারের সম্ভাবনা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে রোমানিয়ার সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসোর ড্যান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান, নজরদারি সরঞ্জাম ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা রোমানিয়ার সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে পারে।

বুধবার রোমানিয়ার পার্লামেন্টে এটি চূড়ান্তভাবে অনুমোদন হওয়ার কথা ছিল। এর আগে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর শীর্ষ প্রতিরক্ষা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের এই অনুরোধ অনুমোদন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...