ইসরাইলে আবারো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

২০: ২৯, জুন ১৯

ইসরাইলে আবারো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরাইলে আবারো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরাইলের হাইফা বন্দরে ইরানের হামলা

ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, সেটা শনাক্ত করা হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে কাজ করছে।

১৯: ১৭, জুন ১৯

ইরানে হস্তক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা

ইরানে হস্তক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা

ইরান-ইসরাইল সংঘাতে আমেরিকার হস্তক্ষেপ পরিবেশকে “আরেকটি ভয়াবহ উত্তেজনার দিকে নিয়ে যাবে,” রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে একথা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আলাদাভাবে দুই পক্ষকে সমর্থন করছে।

ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে "নিঃশর্ত আত্মসমর্পণ” এবং তাদের বিরুদ্ধে হামলার কথা ভাবলেও, মস্কো তেহরানকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবেই দেখে।

এই বছরের শুরুতে, ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন, যেখানে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহের কথা জানিয়েছে দুই দেশ।

ইরান মস্কোকে ‘শাহেদ ড্রোন’ সরবরাহ করেছে যা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইরানে ইসরাইলের এই হামলার নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এই পদক্ষেপকে উস্কানিমূলক বলেও উল্লেখ করেছে।

১৭: ৪২, জুন ১৯

এবার যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে তুরস্ক: প্রতিবেদন

এবার যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে তুরস্ক: প্রতিবেদন

ইসরাইল-ইরান সংঘাত চলাকালে তুরস্ক ইরানের সঙ্গে নিজেদের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বলে রয়টার্স বার্তা সংস্থাকে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র। তবে তিনি জানিয়েছেন, ইরান থেকে কোনো অস্বাভাবিক অভিবাসনপ্রবাহ এখন পর্যন্ত দেখা যায়নি।

পরিচয় গোপন রাখার শর্তে ওই সূত্র রয়টার্সকে বলেন, তুরস্ক বর্তমানে নিজস্ব উৎপাদিত রাডার ও অস্ত্রব্যবস্থার মাধ্যমে একটি স্তরবিন্যস্ত ও সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। এর মূল লক্ষ্য হলো দেশের সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ স্তরে রাখা।

ওই সূত্র আরও জানিয়েছেন, ইসরাইল যখন তার দক্ষিণ-পূর্ব প্রতিবেশী ইরানে হামলা চালায়, তখন তুরস্কের “কুইক রিঅ্যাকশন অ্যালার্ট” বিমানগুলো আকাশে উড্ডয়ন করে এবং এখনো সীমান্তে টহল দিচ্ছে—ইসরাইলি আকাশসীমা লঙ্ঘনের সম্ভাবনার প্রেক্ষাপটে এই সতর্কতা অব্যাহত রয়েছে।

১৬: ২৪, জুন ১৯

শিগগিরই আমরা কঠিন দিনগুলো কাটিয়ে উঠবো: ইরানি প্রেসিডেন্ট

শিগগিরই আমরা কঠিন দিনগুলো কাটিয়ে উঠবো: ইরানি প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় বলেছেন, তিনি সরকারের প্রতিটি অংশকে "ইরানের জন্য কাজ করার" নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, সব মন্ত্রণালয় এবং সরকারি সব এজেন্সিকে তাদের সর্বোচ্চ শক্তি ও সম্পদ ব্যবহার করে ইরানের জন্য কাজ করতে বলা হয়েছে। কোনো কিছুরপ্রতি বিমুখ না হয়ে আপনাদের ধৈর্য ও সমর্থন দরকার।

পেজেশকিয়ান বলেন, আল্লাহর রহমতে এবং তাঁর সাহায্যে আমরা শিগগিরই এই কঠিন দিনগুলো কাটিয়ে উঠব।

১৫: ৫৪, জুন ১৯

ইসরাইলের উল্লেখযোগ্য ক্ষতি করতে সক্ষম হয়েছে ইরান

ইসরাইলের উল্লেখযোগ্য ক্ষতি করতে সক্ষম হয়েছে ইরান

কয়েক দিন ধরে ইরানের হামলার প্রভাব খুব সীমিত ছিল, কিন্তু এবার ইরানি ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে কয়েকটি স্থানে আঘাত হেনে উল্লেখযোগ্য ক্ষতি করেছে। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যাও কমে গিয়েছে, যা থেকে ধারণা করা যায় ইসরাইলি বিমান হামলায় ইরানের সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি মাথায় রেখে ইসরাইল সরকার যুদ্ধের কারণে দেয়া কিছু বিধিনিষেধও শিথিল করেছে।

তবে বৃহস্পতিবার সকালের হামলা প্রমাণ করেছে, ইরানের এখনো ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালানোর ক্ষমতা আছে।

ইরানের টার্গেটের মধ্যে পড়েছে দক্ষিণের বিরশেবা শহরের সোরোকা মেডিক্যাল সেন্টার, তেল আভিভের কাছের হোলোন শহর, আর রামাতগন শহর।

ইরান বলেছে, বিরশেবায় তাদের আসল লক্ষ্য ছিল হাসপাতালের পাশে থাকা সামরিক স্থাপনা। তবে ইসরায়েলের উপ–পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল অভিযোগ করেছেন, ইরান ইচ্ছে করে সোরোকা হাসপাতালকে টার্গেট করেছে।

অন্য যেসব শহরে ক্ষেপণাস্ত্র পড়েছে, সেখানে কী টার্গেট ছিল তা পরিষ্কার নয়।

প্রায় এক সপ্তাহ ধরে ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা, জ্বালানিকেন্দ্র, বিমানবন্দর, সরকারি ভবন এমনকি আবাসিক এলাকাতেও বিমান হামলা চালিয়ে আসছে।

ইরান বলছে, এসব কিছু তাদের বিরুদ্ধে আগ্রাসন, সুতরাং তারা আত্মরক্ষার অধিকার রাখে।

১৫: ৪৪, জুন ১৯

ইরানের আরাক ও নাতাঞ্জ পারমাণবিক চুল্লিতে ইসরাইলের হামলা

ইরানের আরাক ও নাতাঞ্জ পারমাণবিক চুল্লিতে ইসরাইলের হামলা

ইসরাইলের সেনাবাহিনী নিশ্চিত করেছে, তারা ইরানের আরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে।তবে, তারা বলেছে, এই চুল্লিটি বর্তমানে "নিষ্ক্রিয়" অবস্থায় আছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের একটি পারমাণবিক চুল্লির কাছাকাছি এলাকায় হামলা চালানো হয়েছে।

তবে চুল্লিটি সরাসরি আক্রান্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনাটি এমন সময় ঘটলো যখন ইসরাইলের ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, এই চুল্লিটি এমনভাবে তৈরি যে এটি উচ্চক্ষমতাসম্পন্ন প্লুটোনিয়াম উৎপাদনে সক্ষম, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়।

তারা এক বিবৃতিতে জানায়, এই হামলা প্লুটোনিয়াম উৎপাদনের জন্য নির্ধারিত অংশকে লক্ষ্য করে চালানো হয়েছে, যাতে চুল্লিটি পুনরায় চালু করে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা না যায়।

আইডিএফ আরো জানিয়েছে, তাদের সর্বশেষ হামলায় ৪০টি যুদ্ধবিমান অংশ নেয় এবং ইরানের বহু সামরিক স্থাপনায় আঘাত হানে।

যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কাঁচামাল প্রস্তুতের কারখানা, যন্ত্রাংশ তৈরির কেন্দ্র, এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র।

এর আগেই ইসরাইলি সেনাবাহিনী- আইডিএফ আরাক ও খোন্দাব শহরের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে এলাকা ছাড়ার সতর্কবার্তা দেয়।