রুশ তহবিলে অর্থ জোগানোর পথ খুলছেন ট্রাম্প: মেলোনি

রুশ তহবিলে অর্থ জোগানোর পথ খুলছেন ট্রাম্প: মেলোনি
ছবি: সংগৃহীত।

রাশিয়ার কাছ থেকে ডিজেল সরবরাহের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার মতে, এ সিদ্ধান্তের ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অর্থায়নের জন্য অতিরিক্ত রাজস্ব পেতে পারে এবং মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ দুর্বল হয়ে পড়তে পারে। খবর আনাদোলুর।

বিজ্ঞাপন

বুধবার ইউরোপীয় কাউন্সিলের সম্মেলনের আগে ইতালির সিনেটে দেওয়া বক্তব্যে মেলোনি এসব কথা বলেন। ইতালির সংবাদ সংস্থা আনসার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেলোনি বলেন, জ্বালানির দাম বৃদ্ধির পেছনে ইউক্রেন যুদ্ধের চেয়ে ইরান যুদ্ধের প্রভাবই বেশি। এ অবস্থায় রাশিয়ার ডিজেল সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, ‘এই সিদ্ধান্তের পরিণতি অনিশ্চিত, অথচ ঝুঁকিগুলো স্পষ্ট। এর মাধ্যমে মস্কোর অবস্থানকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।’

মেলোনির আশঙ্কা, এ সিদ্ধান্তের ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যয় করার জন্য বাড়তি অর্থ পেতে পারে। একই সঙ্গে রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ব্যবহারের সক্ষমতাও দুর্বল হতে পারে।

২০২২ সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় বসাতে যখন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো চাপ দিচ্ছে, তখন এমন সিদ্ধান্ত পরস্পরবিরোধী বার্তা দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের বাজেট নিয়েও অনড় ইতালি

ইতালির অর্থনীতি ও ব্যবসার প্রতিযোগিতামূলক সক্ষমতার জন্য জ্বালানির উচ্চমূল্যকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন মেলোনি। এ সমস্যা মোকাবিলায় ইউরোপীয় দেশগুলোর সমন্বিত ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী বাজেট নিয়েও ইতালির অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাধারণ কৃষিনীতি, মৎস্য খাত কিংবা আঞ্চলিক উন্নয়ন ও সংহতি তহবিলের বরাদ্দ কমিয়ে কোনো বাজেট চুক্তি মেনে নেবে না রোম।

চলতি বছরের শেষ নাগাদ বাজেট নিয়ে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য থাকলেও শুধু সময়সীমা রক্ষার জন্য ইতালি কোনো চুক্তিতে সম্মত হবে না বলে জানান তিনি।

মেলোনি বলেন, ‘ইতালির জন্য যে চুক্তি সঠিক হবে, আমরা কেবল সেটিতেই স্বাক্ষর করব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন