অস্ট্রেলিয়ায় সরকারি কর্মস্থলে স্মার্ট চশমা নিষিদ্ধের উদ্যোগ

অস্ট্রেলিয়ায় সরকারি কর্মস্থলে স্মার্ট চশমা নিষিদ্ধের উদ্যোগ
ছবি: সংগৃহীত।

গোপনে ছবি ও ভিডিও ধারণের মাধ্যমে গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে—এমন উদ্বেগের মধ্যে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারি কর্মস্থলে ক্যামেরাযুক্ত স্মার্ট চশমার ব্যবহার নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে দেশটির সরকার। খবর আনাদোলুর।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী ক্যাটি গ্যালাঘার কমনওয়েলথের সরকারি কর্মস্থলে স্মার্ট চশমার ব্যবহার নিয়ে পরামর্শ দিতে অস্ট্রেলিয়ান পাবলিক সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে এবিসি নিউজ। এসব চশমা নিষিদ্ধ করা উচিত কি না এবং নিষেধাজ্ঞা দেওয়া হলে কী ধরনের ব্যতিক্রম রাখা প্রয়োজন, তাও পর্যালোচনা করা হচ্ছে।

গ্যালাঘার বলেন, “স্মার্ট চশমা বৈধ গোপনীয়তা ও নিরাপত্তা উদ্বেগ তৈরি করতে পারে, বিশেষ করে এগুলোর তথ্য ধারণ ও রেকর্ড করার সক্ষমতার কারণে।” সরকারি কর্মীদের জন্য এ বিষয়ে স্পষ্ট ও অভিন্ন নির্দেশনা প্রয়োজন বলেও জানান তিনি।

তবে প্রস্তাবটি সারা দেশে স্মার্ট চশমার মালিকানা বা ব্যবহার নিষিদ্ধ করার কোনো উদ্যোগ নয়। এটি কেবল কমনওয়েলথ সরকারের কর্মস্থলগুলোতে এসব ডিভাইস ব্যবহারের বিষয়কে কেন্দ্র করে।

এরই মধ্যে অস্ট্রেলিয়ার কয়েকটি স্থানীয় সরকার পৃথকভাবে বিভিন্ন সরকারি ও জনসাধারণের ব্যবহারের স্থাপনায় প্রযুক্তিটির ব্যবহার সীমিত করেছে। ক্যামেরাযুক্ত চশমার মাধ্যমে ব্যবহারকারীর অজান্তে গোপনে ছবি বা ভিডিও ধারণ করা সম্ভব হওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

মেলবোর্নের ইয়ারা সিটি কাউন্সিল খেলার মাঠ, শিশুদের যত্নকেন্দ্র ও জিমসহ বিভিন্ন স্থাপনায় স্মার্ট চশমার ব্যবহার সীমিত করেছে। ব্রিসবেন সিটি কাউন্সিলের জনসাধারণের সুইমিংপুলে ক্যামেরাযুক্ত পরিধানযোগ্য ডিভাইস দিয়ে সম্মতি ছাড়া রেকর্ডিং নিষিদ্ধ করা হয়েছে।

অন্য কয়েকটি স্থানীয় কাউন্সিলও একই ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

তবে ফেডারেল সরকার এখনো স্মার্ট চশমা আমদানিতে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের পথে যায়নি।

অ্যাটর্নি জেনারেল মিশেল রোল্যান্ড গত মাসে জানিয়েছিলেন, আপাতত স্মার্ট চশমা আমদানিতে নিষেধাজ্ঞার কথা বিবেচনা করা হচ্ছে না। তবে পরিধানযোগ্য প্রযুক্তি নিয়ে তৈরি গোপনীয়তার বিষয়গুলো সরকার পর্যালোচনা করছে। এদিকে, স্মার্ট চশমার ব্যবহার বাড়তে থাকায় এর গোপনীয়তার প্রভাবকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করার জন্য দেশটির প্রাইভেসি কমিশনারকেও অনুরোধ করা হয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন