বন্ধ এসকেলেটর ও টেলেপ্রম্পটার

জাতিসংঘে ট্রাম্পের বিভ্রাটময় দিন

জাতিসংঘে ট্রাম্পের বিভ্রাটময় দিন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম বার্ষিক সম্মেলনে গত মঙ্গলবার বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ছয় বছর পর দ্বিতীয় মেয়াদে প্রথম জাতিসংঘে বক্তব্য রাখলেন তিনি।

প্রায় এক ঘণ্টার বক্তব্যে বিভিন্ন দেশকে লক্ষ্য করে আক্রমণাত্মক মন্তব্য করেন ট্রাম্প। একইসঙ্গে জাতিসংঘের সমালোচনা করেও বক্তব্য রাখেন তিনি।

বিজ্ঞাপন

সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্কে জাতিসংঘের কার্যালয়ে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এক এসকেলেটরে ওঠার পর তা হঠাৎ বন্ধ হয়ে যায়। প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও পরে তারা এসকেলেটরের সিঁড়ি বেয়ে ওঠেন।

বিষয়টিকে স্যাবোটাজ হিসেবে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, যদি জাতিসংঘের কোনো কর্মী উদ্দেশ্যমূলকভাবে এসকেলেটর বন্ধ করার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যায়, তবে তাকে চাকরিচ্যুত করে অবিলম্বে তদন্তের আওতায় আনা উচিত।

পরে এ ঘটনার বিষয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির ভিডিও ধারণ করার জন্য সামনে থাকা হোয়াইট হাউসের এক ক্যামেরা পারসন অসতর্কভাবে নিরাপত্তা ম্যাকানিজমে চাপ দেওয়ায় এসকেলেটর থেমে গেছে। দুর্ঘটনাবশত কোনো ব্যক্তি বা বস্তু যদি এসকেলেটরের বেল্টে আটকা পড়েন, তখন তাৎক্ষণিকভাবে তা বন্ধ করার জন্য এই নিরাপত্তা ম্যাকানিজম ব্যবহার করা হয়।

তবে এটিই ট্রাম্পের জন্য একমাত্র বিভ্রাট নয়। সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি দেখতে পান, লিখিত বক্তব্য পড়ার জন্য সামনে থাকা টেলেপ্রম্পটার কাজ করছে না।

এসকেলেটরের বিষয়ে বক্তব্যে রসিকতা করে ট্রাম্প বলেন, ‘এসকেলেটরে ওঠার পর হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। ফার্স্ট লেডি যদি সুঠাম স্বাস্থ্যের অধিকারী না হতেন, তবে তিনি হয়তো পড়ে যেতেন।’

বক্তব্যের সময় এ বিষয়গুলো নিয়ে রসিকতা করে ট্রাম্প বলেন, ‘টেলেপ্রম্পটার ছাড়া বক্তব্য দিতে আমি কিছু মনে করি না। কেননা, এই টেলেপ্রম্পটারটি কাজ করছে না। যাহোক, আমি এখানে আপনাদের সামনে আসতে পেরে আনন্দিত। এভাবে আপনি নিজের মন খুলে কথা বলতে পারেন। তবে আমি এতটুকুই বলতে পারিÑযিনি এ টেলেপ্রম্পটারটি চালাচ্ছেন, তার ভয়াবহ বিপদ রয়েছে।’

তবে বক্তব্য চলার মাঝপথেই টেলেপ্রম্পটারটি চালু হয়। বক্তব্য শেষ হওয়ার পর সম্মেলনের সভাপতি জার্মান কূটনীতিক অ্যানালেনা বেয়ারবক বলেন, ‘আমরা অনুসন্ধান করে দেখেছি। আমি আপনাকে নিশ্চিত করছি, জাতিসংঘের টেলেপ্রম্পটার যথাযথভাবে কাজ করছে।’

পরে জাতিসংঘের এক কর্মকর্তা বিবিসিকে জানান, ট্রাম্পের ভাষণের সময় টেলেপ্রম্পটারটি হোয়াইট হাউস কর্তৃপক্ষ পরিচালনা করছিল। তিনি জানান, হোয়াইট হাউসের কর্মকর্তারা তাদের নিজস্ব ল্যাপটপ জাতিসংঘের সিস্টেমের সঙ্গে সংযুক্ত করেছিলেন।

সম্মেলনে বক্তব্যে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বের সাতটি যুদ্ধ সমাপ্তিতে তিনি ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, ‘আমি সাতটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি। সবগুলোই ছিল ভয়াবহ; হাজার হাজার লোক তাতে নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে কম্বোডিয়া ও থাইল্যান্ড, কসোভো ও সার্বিয়া, কঙ্গো ও রুয়ান্ডাÑযা ছিল প্রচণ্ড নির্মম ও সহিংস; পাকিস্তান ও ভারত, ইসরাইল ও ইরান, মিসর ও ইথিওপিয়া এবং আর্মেনিয়া ও আজারবাইজান।’

ট্রাম্প বলেন, ‘এরকম আর কিছুই কখনো ছিল না। এ কাজ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এটি খুবই মন্দ যে, জাতিসংঘের বদলে আমাকেই এগুলো করতে হয়েছে।’

জাতিসংঘকে আক্রমণ করে তিনি বলেন, যুদ্ধ বন্ধের সব ক্ষেত্রে জাতিসংঘ সহায়তার কোনো চেষ্টা করেনি, বরং সংঘাত বাড়িয়েছে।

ট্রাম্প বলেন, বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও শান্তিরক্ষায় জাতিসংঘ কোনো সহায়তা করছে না। যুদ্ধ বন্ধের বদলে সংস্থাটি শুধু ফাঁপা বুলি দিয়েই দায়িত্ব শেষ করে।

বিভিন্ন দেশে অভিবাসন কার্যক্রমের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এর মাধ্যমে দেশগুলো ধ্বংস হচ্ছে।

তিনি বলেন, ‘আপনাদের এসব বন্ধ করতে হবে। এ বিষয়ে আমি ভালোই জানি। আপনাদের দেশ নরকে পরিণত হবে।’

এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের কাছাকাছি একটি স্থান থেকে এক লাখের বেশি সিম ও ৩০০ সার্ভার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।

বিবিসিকে গত মঙ্গলবার সংস্থাটি জানায়, গত মাসে এসব সিম ও সার্ভার জব্দ করা হয়। বিপুল পরিমাণ এ সরঞ্জাম দিয়ে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেটিকাটের পুরো স্থানে টেলিকম হামলা চালানো যাবে।

সিক্রেট সার্ভিস বলছে, এগুলোর মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণকারীদের ওপর নজরদারি চালানো, সেলুলার নেটওয়ার্ক বন্ধ কিংবা অজ্ঞাত কোনো স্থানে যোগাযোগ স্থাপন করা হতো বলে সন্দেহ করা হচ্ছে।

জাতিসংঘের সম্মেলনে অংশ নিতে বর্তমানে ১০০টির বেশি দেশের সরকারপ্রধান ও সদস্য দেশের প্রতিনিধিদল বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...