জেলেনস্কিকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

জেলেনস্কিকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প
ছবি: আল জাজিরা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির প্রতি কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার নিজস্ব সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করতে পারেন অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন। খবর আল জাজিরার।

তিনি বলেন, ‘শুরুটা কীভাবে হয়েছিল তা মনে রাখতে হবে, ক্রিমিয়া ফিরে পাওয়া যায়নি, ইউক্রেন ন্যাটোতে যুক্ত হতে পারেনি। কিছু বিষয় কখনো পরিবর্তন হয় না।’

বিজ্ঞাপন

সোমবার হোয়াইট হাউজে জেলেনস্কির গুরুত্বপূর্ণ সফরের একদিন আগে ট্রাম্প এ কঠোর বার্তা দিলেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, রাশিয়া-অধিকৃত ক্রিমিয়া এবং ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ দেওয়া আলোচনার টেবিলে তোলা হবে না।

আজ ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। এতে ইউরোপের আরও একাধিক নেতা যোগ দেবেন। এই বৈঠকে ট্রাম্প জেলেনস্কির সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা করবেন।

সোমবার জেলেনস্কির ওয়াশিংটন ডিসি সফরে ইউরোপীয় নেতারাও তার সাথে থাকছেন। তবে ব্রাসেলস এবং কিয়েভে উদ্বেগ প্রকাশ করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট এমন একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারেন যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে যাবে।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘আমরা সকলেই এই যুদ্ধ দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে শেষ করতে চাই। শান্তি অবশ্যই স্থায়ী হতে হবে।’

তিনি আরো লেখেন, ‘কয়েক বছর আগে ইউক্রেনকে ক্রিমিয়া এবং ডনবাসের কিছু অংশ ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল। ১৯৯৪ সালে ইউক্রেনকে তথাকথিত ‘নিরাপত্তা নিশ্চয়তা’ দেওয়া হয়েছিল, তবে তা কাজ করেনি।’

জেলেনস্কি আরো বলেন, ‘ক্রিমিয়াকে ছেড়ে দেওয়া উচিত হয়নি, ঠিক যেমন ২০২২ সালের পরে কিয়েভ, ওডেসা বা খারকিভ ছেড়ে দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘ইউক্রেনীয়রা তাদের ভূমির জন্য, স্বাধীনতার জন্য লড়াই করছে।’

এদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে সোমবার ওয়াশিংটনে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে যোগ দেবেন। তার সঙ্গে থাকবেন ইউরোপীয় নেতারা—ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন