২০২৬ সালের রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছেন জ্যোতির্বিদরা। যেসব দেশ নিশ্চিত চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ঘোষণা করে, সেসব দেশে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানান তারা।
সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং অধিকাংশ আরব দেশে ১৮ ফেব্রুয়ারি শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হওয়ার সম্ভাবনাই বেশি।
তবে পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মরক্কো, মৌরিতানিয়া এবং আফ্রিকার কিছু অংশসহ কয়েকটি দেশে ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা যেতে পারে। আবহাওয়া ও স্থানীয় মানদণ্ডের ভিত্তিতে এসব দেশে রমজান শুরু হতে পারে ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি।
আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের (আইএসি) পরিচালক প্রকৌশলী মুহাম্মদ শওকত ওদেহ বলেন, ১৭ ফেব্রুয়ারি আরব ও ইসলামি বিশ্বের সব অঞ্চল থেকে খালি চোখে, টেলিস্কোপে কিংবা উচ্চক্ষমতার জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেও চাঁদ দেখা প্রায় অসম্ভব। কোথাও কোথাও সামান্য সম্ভাবনা থাকলেও সেটি খুবই ক্ষীণ।
তিনি জানান, যেসব দেশ নিশ্চিতভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে মাস শুরু করে, সেসব দেশে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) শাবান মাসের ৩০তম ও শেষ দিন হিসেবে ধরা হতে পারে। সে হিসাবে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং সংযুক্ত আরব আমিরাতসহ এসব দেশে ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
চাঁদ দেখার সম্ভাবনা ব্যাখ্যা করে ওদেহ বলেন, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসলামি বিশ্বের পূর্বাঞ্চলে চাঁদ সূর্যের আগেই অস্ত যাবে। মধ্যাঞ্চলে সূর্যের সঙ্গে একই সময়ে চাঁদ অস্ত যেতে পারে এবং পশ্চিমাঞ্চলে সূর্যাস্তের কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে। কিন্তু এই অল্প সময় চাঁদের সংযোগ থেকে দৃশ্যমান অর্ধচন্দ্রে রূপ নেওয়ার জন্য যথেষ্ট নয়।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে চাঁদের নিচের প্রান্ত সূর্যাস্তের এক মিনিট আগে অস্ত যাবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে চাঁদ সূর্যাস্তের ৪২ সেকেন্ড আগে অস্ত যাবে। আর তাবুক অঞ্চলে—যেখানে চাঁদের অবস্থান তুলনামূলক দীর্ঘ থাকবে—সেখানে সূর্যাস্তের ঠিক সময়ে চাঁদ অস্ত যাবে। তখন চাঁদের বয়স হবে মাত্র ১ ঘণ্টা ৪৯ মিনিট এবং সূর্যের সঙ্গে কৌণিক দূরত্ব হবে মাত্র এক ডিগ্রি।
কায়রোতে চাঁদ সূর্যাস্তের দুই মিনিট পর এবং আলজেরিয়ায় ছয় মিনিট পর অস্ত যাবে। তবে এই সামান্য বিলম্ব থাকা সত্ত্বেও জ্যোতির্বিদরা নিশ্চিত করেছেন, ওই অঞ্চলের কোনও স্থান থেকেই অর্ধচন্দ্র দেখা সম্ভব নয়।
সূর্যগ্রহণের কারণে চাঁদ দেখা আরো কঠিন
জ্যোতির্বিজ্ঞানিরা আরো বলেছেন, ১৭ ফেব্রুয়ারি বিকেলে একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে, যা দক্ষিণ আফ্রিকা ও অ্যান্টার্কটিকার কিছু অংশ থেকে দেখা যাবে। এই সূর্যগ্রহণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকায় সূর্যাস্তের সময়ের সঙ্গে মিলবে, যা দৃশ্যমান সংযোগের ইঙ্গিত দেয়। ফলে ওই সময়ে বা পরবর্তী কয়েক ঘণ্টায় চাঁদ অর্ধচন্দ্র হিসেবে দেখা সম্ভব নয়।
ভুল চাঁদ দেখার দাবির বিষয়ে সতর্কতা
প্রকৌশলী ওদেহ সতর্ক করে বলেন, ওই দিন চাঁদ দেখা নিয়ে কোনও ভুল দাবি বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, এমন কোনও প্রতিবেদন এলে তা প্রমাণ করবে—কিছু ব্যক্তি আকাশে চাঁদ না থাকলেও ভুলবশত চাঁদ দেখেছেন বলে মনে করতে পারেন।
অ্যাস্ট্রোনমি সেন্টারের তথ্য অনুযায়ী, বহু ইসলামি আইনবিদ ও জ্যোতির্বিদ মনে করেন—যেসব অঞ্চলে চাঁদ সূর্যের আগে বা একই সময়ে অস্ত যায়, সেখানে ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর চাঁদ খোঁজার কোনও প্রয়োজন নেই। কারণ ওই সময়ে আকাশে চাঁদ দৃশ্যমান থাকে না। ফলে এসব অঞ্চল থেকে চাঁদ দেখা প্রায় অসম্ভব।
অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া এবং আফ্রিকার কিছু দেশে ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের ২৯তম দিন হিসেবে রমজানের চাঁদ দেখা যেতে পারে। এসব দেশে চাঁদ দেখা এবং সেদিনের আবহাওয়ার ওপর নির্ভর করে রমজানের প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অথবা ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) হতে পারে।
সূত্র: খালিজ টাইমস, গালফ নিউজ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বৃদ্ধি
গাজায় প্রবেশ কঠিন করছে ইসরাইল, রাফাহ ক্রসিংয়ে বহুস্তরীয় চেকপোস্ট
গাজায় ইসরাইলি আগ্রাসন থামেনি, যুদ্ধবিরতির পর নিহত ৫০৯
ইউরোপের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের
আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ম্যাক্রোঁর সঙ্গে শারার ফোনালাপ