মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ

মাঝ আকাশে একজন যাত্রী বিমানের দরজা খোলার চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের আইওয়ার সিডার র‍্যাপিডসে একটি আঞ্চলিক ফ্লাইট জরুরি অবতরণ করে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) একটি বিবৃতিতে জানিয়েছে, স্কাইওয়েস্ট এয়ারলাইনস পরিচালিত ডেলটা কানেকশন ফ্লাইট-৩৬১২ ওমাহা থেকে ডেট্রয়েট যাচ্ছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এটি ঘটে।

বিজ্ঞাপন

এ সময় পাইলট সিডার র‍্যাপিডসের পূর্ব আইওয়া বিমানবন্দরের টাওয়ারে রেডিও বার্তায় বলেন, একজন যাত্রী এখন আমাদের ফ্লাইট এটেন্ডেন্টের সঙ্গে ঝগড়া করছেন ও জরুরি দরজা খুলতে চেষ্টা করছেন। লাইভএটিসি ডট নেট ওয়েবসাইটে এই রেডিও বার্তার একটি রেকর্ডিং প্রকাশিত হয়েছে।

তবে ওই যাত্রী দরজা খুলতে পারেনি ও বিমান নিরাপদে অবতরণ করে গেটে চলে যায়।

একজন যাত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা কর্তৃপক্ষ হাত পেছনে বাঁধা এক ব্যক্তিকে বিমান থেকে নামাচ্ছেন।

এফএএর তথ্য অনুসারে, চলতি বছরে যুক্তরাষ্ট্রে বিমানে যাত্রীর এ ধরনের বিশৃঙ্খল আচরণ সংক্রান্ত ৮৭০টির বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে। এ ধরনের অপরাধে জেল, মোটা অঙ্কের জরিমানা ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন