সরাসরি

ভারতে বিমান দুর্ঘটনাস্থল থেকে ২০৪ লাশ উদ্ধার

২১: ৪৪, জুন ১২

নিহতের প্রত্যেকের পরিবারকে এক কোটি রূপি করে ক্ষতিপূরণ দেবে টাটা

নিহতের প্রত্যেকের পরিবারকে এক কোটি রূপি করে ক্ষতিপূরণ দেবে টাটা

বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে এক কোটি রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়ার মালিক প্রতিষ্ঠান টাটা গ্রুপ। আহতদের চিকিৎসার খরচও বহন করবে প্রতিষ্ঠানটি।

এছাড়া, বিমান আছড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত মেডিকেল হোস্টেল পুননির্মাণে সহায়তা করবে তারা।

সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে টাটা গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা কতটা শোকাহত তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

২০: ৫৩, জুন ১২

বিমান দুর্ঘটনায় জেলেনস্কির শোক

বিমান দুর্ঘটনায় জেলেনস্কির শোক

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এটি ভয়াবহ খবর। এই দুঃখজনক দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সমগ্র ভারতের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ভারত, যুক্তরাজ্য, পর্তুগাল এবং কানাডার সমস্ত নিহত এবং তাদের প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা। এই কষ্টকর ও মর্মান্তিক সময়ে আপনাদের সঙ্গে আছি।

যত বেশি সম্ভব প্রাণ রক্ষা পাক এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করি।

২০: ৪৭, জুন ১২

পুনরায় খুলেছে আহমেদাবাদ বিমানবন্দর

পুনরায় খুলেছে আহমেদাবাদ বিমানবন্দর

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা করা এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু করা হয়েছে।

সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এক্স-এর এক পোস্টে তারা জানায়, আহমেদাবাদ বিমানবন্দরে সব অপারেশন পুনরায় চালু হয়েছে।

সঙ্গে যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, সবাই যেন নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখেন এবং বিমানবন্দরের অফিশিয়াল আপডেটের দিকে নজর রাখেন।

২০: ০২, জুন ১২

এয়ার ইন্ডিয়ার বিমান আছড়ে পড়া ভবনের ৫০ মেডিকেল শিক্ষার্থী হাসপাতালে

এয়ার ইন্ডিয়ার বিমান আছড়ে পড়া ভবনের ৫০ মেডিকেল শিক্ষার্থী হাসপাতালে

এয়ার ইন্ডিয়ার বিমানটি যে মেডিকেল ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়েছে, সেখানকার ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ তথ্য জানিয়েছে, ভারতের চিকিৎসকদের সংগঠন ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন(ফাইমা)।

অ্যাসোসিয়েশনটি জানায়, পাঁচজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। এছাড়া, অন্তত দুইজনকে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে রাখা হয়েছে।

কয়েকজনের চিকিৎসকের স্বজনও নিখোঁজ বলে জানা গেছে।

ফাইমার তথ্য অনুযায়ী, বিমানে থাকা যাত্রীদের অধিকাংশকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

১৯: ৩৯, জুন ১২

ভারতে বিমান দুর্ঘটনাস্থল থেকে ২০৪ লাশ উদ্ধার

ভারতে বিমান দুর্ঘটনাস্থল থেকে ২০৪ লাশ উদ্ধার

আহমেদাবাদের পুলিশ প্রধান বিবিসিকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ২০৪টি লাশ উদ্ধার করা হয়েছে।

এখনও নিশ্চিতভাবে জানা যায়নি এই ২০৪ জন সবাই কি বিমানে ছিলেন, নাকি বিমানের ধাক্কায় মাটিতে থাকা কিছু মানুষও প্রাণ হারিয়েছেন।

১৯: ১২, জুন ১২

অনেক মানুষ হারিয়েছি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

অনেক মানুষ হারিয়েছি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া'র বিমান দুর্ঘটনাকে “অত্যন্ত মর্মান্তিক” হিসাবে আখ্যা দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, উদ্ধার কার্যক্রম চলছে। সুনির্দিষ্ট তথ্যের জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

তবে তিনি বলেন, আমরা অনেক মানুষকে হারিয়েছি। যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।

১৮: ৫২, জুন ১২

এয়ার ইন্ডিয়া ফ্লাইটের ২৪২ আরোহীর ‘কেউ বেঁচে নেই’

এয়ার ইন্ডিয়া ফ্লাইটের ২৪২ আরোহীর ‘কেউ বেঁচে নেই’

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভি এ তথ্য জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সেখানকার সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে বিমানটি রওনা দেয়। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। বিমানে যে ২৪২ আরোহী ছিলেন তাদের মধ্যে ২৩০ জন ছিলেন সাধারণ যাত্রী। আর বাকি ১২ জন ছিলেন ক্রু।

বিমানটিতে করে যুক্তরাজ্যে যাচ্ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।

১৮: ৩১, জুন ১২

বিমানের যাত্রীদের কারও জীবিত থাকার সম্ভাবনা নেই: পুুলিশ

বিমানের যাত্রীদের কারও জীবিত থাকার সম্ভাবনা নেই: পুুলিশ

আহমেদাবাদের পুলিশ প্রধান বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিমানের যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই।

বার্তা সংস্থা এএফপি ও এপি'র খবরে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে এয়ার ইন্ডিয়া জানায় বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। যার মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু।

১৮: ২৭, জুন ১২

ছবিতে ভারতের বিমান দুর্ঘটনা

ছবিতে ভারতের বিমান দুর্ঘটনা

ভারতে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত। বিবিসির সংবাদদাতা রক্সি গাড্ডেকার জানানা, তার চারদিকে প্রত্যেকটি মানুষ দৌড়োদৌড়ি করছেন – যাতে যত বেশি সম্ভব মানুষকে উদ্ধার করা যায়। দুর্ঘটনার কিছু ছবি দেওয়া হলো...

১৭: ৫২, জুন ১২

ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতার বর্ণনা

ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা রক্সি গাড্ডেকার জানানা, তার চারদিকে প্রত্যেকটি মানুষ দৌড়োদৌড়ি করছেন – যাতে যত বেশি সম্ভব মানুষকে উদ্ধার করা যায়।

তিনি বলেন, যে জায়গাটায় উদ্ধার তৎপরতা চলছে, সেটি বিমানবন্দরের খুব কাছে। চারদিকে শুধুই অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে। সব রাস্তা বন্ধ।

অগ্নি নির্বাপক দলের কর্মীরা এখনও কিছু জায়গায় আগুন নেভানোর চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলছেন, তারা হঠাৎই ভীষণ জোরে আওয়াজ পান, আর কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান।

বহু মানুষ এখানে জড়ো হয়েছেন।

স্বেচ্ছাসেবকরা কাছাকাছি এলাকা থেকে এসেছেন।

মৃতদেহগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তবে কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও আসে নি।

১৭: ৪৭, জুন ১২

বিমানের পাইলট বিপদ সংকেত দিয়েছিলেন

দুর্ঘটনার আগে বিপদ সংকেত পাঠিয়েছিলেন বিধ্বস্ত বিমানটির পাইলট।

আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি জানিয়েছে, বিমানটি আহমেদাবাদ থেকে স্থানীয় সময় ১টা ৩৯ মিনিটে আকাশে উড়ে। বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল বিমান থেকে বিপদ সংকেত দিয়েছিলেন, কিন্তু তারপরে এটিসির ডাকে কোনো সাড়া পাওয়া যায়নি।

উড্ডয়নের এক মিনিটের কম সময়ের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য বলছে, রানওয়ে থেকে উঠার কয়েক সেকেন্ডের মধ্যে ৬২৫ ফিট উচ্চতায় বিমানের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়।

ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই বার্তা সংস্থা এপি-কে জানিয়েছেন, আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া বিমানটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিল। এর মধ্যে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্য, একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক।

১৭: ৪৫, জুন ১২

বিমানটির সিগন্যাল বিচ্ছিন্ন হয় ৬২৫ ফিট উচ্চতায়

বিমানটির সিগন্যাল বিচ্ছিন্ন হয় ৬২৫ ফিট উচ্চতায়

উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য বলছে, রানওয়ে থেকে উঠার কয়েক সেকেন্ডের মধ্যে ৬২৫ ফিট উচ্চতায় বিমানের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়।

বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের বাইরের দিকে পড়ে বিমানটি।

ফ্লাইট রাডার জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার উদ্দেশে স্থানীয় সময় ৯:৫০ মিনিটে উড্ডয়নের কথা ছিল। আর বিমানটির পৌঁছার সময় নির্ধারিত ছিল স্থানীয় সময় ১৮:২৫ মিনিট।

কিন্তু উড্ডয়নের এক মিনিটেরও কম সময়ের মধ্যেই বিমানটির সংকেত বিচ্ছিন্ন হয়ে যায়।

১৭: ৪৩, জুন ১২

বিমানটিতে ২৩০ যাত্রী ও ১২ জন ক্রু ছিল

ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই বার্তা সংস্থা এপি-কে (এসোসিয়েটেডে প্রেস) জানিয়েছেন, আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া বিমানটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিল।

এটির ফ্লাইট নাম্বার ছিল এআই ১৭১। এটি একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। যার ধারণক্ষমতা ২৫৬ জন।

উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য বলছে, রানওয়ে থেকে উঠার কয়েক সেকেন্ডের মধ্যে ৬২৫ ফিট উচ্চতায় বিমানের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়।

১৭: ৪২, জুন ১২

বিমান বিধ্বস্তের খোঁজখবর রাখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিমান বিধ্বস্তের খোঁজখবর রাখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনাযর বিষয়ে খোঁজ-খবর রাখছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বিধ্বস্ত হওয়া বিমানের যাত্রী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

স্টারমার বলেন, লন্ডনগামী একটি বিমানের ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়ার যে দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে, যা সত্যিই হৃদয়বিদারক।

তিনি আরো জানান, আমি নিয়মিতভাবে পরিস্থিতির খোঁজ নিচ্ছি এবং এ সময়ে আমার ভাবনা ও সহানুভূতি দুর্ঘটনার কবলে পড়া যাত্রী ও তাদের পরিবারের সঙ্গেই আছে।

১৭: ৩৪, জুন ১২

বিমান দুর্ঘটনায় নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া

বিমান দুর্ঘটনায় নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া

আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিক্রিয়া দিয়েছেন।

তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের স্তম্ভিত করে দিয়েছে। এটা কতটা হৃদয়বিদারক, তা কথায় বোঝানো যাবে না।

তিনি আরো লেখেন, যেসব মন্ত্রী ও কর্মকর্তারা বিপদে পড়া মানুষদের সহায়তা করছেন, তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখছি।

অন্যদিকে, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

১৭: ৩০, জুন ১২

বিমানে থাকা যাত্রীদের জাতীয় পরিচয় প্রকাশ

এয়ার ইন্ডিয়া বিমানে থাকা যাত্রীদের জাতীয় পরিচয়ের তালিকা প্রকাশ করেছে।

ফ্লাইটে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডিয়ান নাগরিক এবং ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন।

১৭: ২০, জুন ১২

এই প্রথম বোয়িং ৭৮৭ এভাবে ভেঙ্গে পড়ল

আহমেদাবাদের আগে কখনও বোয়িং ৭৮৭ বিমান এভাবে ভেঙ্গে পড়েনি।

প্রায় ১৪ বছর আগে এই মডেলটি বাজারে এনেছিল বোয়িং সংস্থা এবং ছয় সপ্তাহ আগে ড্রিমলাইনার মডেলের বিমানে ১০০ কোটি যাত্রী বহন করার মাইল ফলক অর্জন করে বোয়িং কোম্পানি।

সেই উপলক্ষ্যে বোয়িং জানিয়েছিল যে, তাদের তৈরি ১১৭৫ টি বোয়িং ৭৮৭ বিমান ৫০ লাখ উড়ান অপারেট করেছে, বিমানগুলো আকাশে উড়েছে তিন কোটি ঘণ্টা।

এই ঘটনাটি বোয়িং সংস্থাকে এত বড় ধাক্কা দিল এমন একটা সময়ে, যখন সংস্থাটি ৭৩৭ বিমান একের পর এক ভেঙ্গে পড়াসহ নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।

আহমেদাবাদের ঘটনার পরে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা ঘটনার ব্যাপারে প্রাথমিক রিপোর্ট পেয়েছে এবং চেষ্টা করছে আরও তথ্য জানতে।

১৭: ১৫, জুন ১২

আমার ছেলে দ্বিতীয় তলা থেকে লাফ দিয়েছে

আমার ছেলে দ্বিতীয় তলা থেকে লাফ দিয়েছে
রমিলা বেগম

রমিলা নামে এক মা বলেন, বিমান বিধ্বস্ত হওয়ার পর আমার ছেলে হোস্টেলের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়েছিল।

তিনি বলেন, তার ছেলে দুপুরের খাবারের বিরতির জন্য ডাক্তারদের হোস্টেলে গিয়েছিল, ঠিক তখনই বিমানটি বিধ্বস্ত হয়।

এর পর সে দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে এবং আহত হয়, তবে সে নিরাপদ।

১৭: ১৪, জুন ১২

বিমান বিধ্বস্ত হয় মেডিকেল কলেজের ছাত্রাবাসে, বহু শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

বিমান বিধ্বস্ত হয় মেডিকেল কলেজের ছাত্রাবাসে, বহু শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা
বিমান বিধ্বস্ত হয় মেডিকেল কলেজের ছাত্রাবাসে

ভারতের গুজরাটে ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। গুজরাট থেকে লন্ডনগামী বিমানটির বহু যাত্রী হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এরমধ্যে জানা গেছে বিমানটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে। যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন। বিমান সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা করা হচ্ছে।

১৬: ৪৭, জুন ১২

বিমানটির সিগন্যাল বিচ্ছিন্ন হয় ৬২৫ ফিট উচ্চতায়

বিমানটির সিগন্যাল বিচ্ছিন্ন হয় ৬২৫ ফিট উচ্চতায়

উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য, রানওয়ে থেকে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যে ৬২৫ ফিট উচ্চতায় বিমানের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়।

বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের বাইরের দিকে পড়ে বিমানটি।

আহমেদাবাদের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, অগ্নি নির্বাপক যানবাহন ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

১৬: ২৯, জুন ১২

ভারতের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

ভারতের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। তাদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট এআই ১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক যাচ্ছিল।

বিমানটি বৃহস্পতিবার দুপুর একটা ১০ মিনিটে আহদেবাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই লোকালয়ে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে গিয়েছে দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।

দুর্ঘটনার বিষয়ে গুজরাট সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘটনায় শোক জানিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী জানান, দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

এরইমধ্যে গুজরাটের উদ্দেশে রওয়ানা দিয়েছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণমন্ত্র্রী রামমোহন নাইডু। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।