আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া

আমার দেশ অনলাইন

ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া

রাশিয়া ইরানকে স্যাটেলাইট ইমেজ (উপগ্রহ চিত্র) সরবরাহ করার পাশাপাশি ড্রোন প্রযুক্তির আধুনিকায়নেও সহযোগিতা করছে। মস্কো মূলত তার নিকটতম মধ্যপ্রাচ্য অংশীদারকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে টিকিয়ে রাখতে এবং এই যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়।

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বাহিনীকে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করতে ইরানকে গোয়েন্দা তথ্য ও উন্নত ড্রোন প্রযুক্তি দিয়ে সহায়তা করছে রাশিয়া। সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইরানকে স্যাটেলাইট ইমেজ (উপগ্রহ চিত্র) সরবরাহ করার পাশাপাশি ড্রোন প্রযুক্তির আধুনিকায়নেও সহযোগিতা করছে। মস্কো মূলত তার নিকটতম মধ্যপ্রাচ্য অংশীদারকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে টিকিয়ে রাখতে এবং এই যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়। রুশ কর্মকর্তাদের ধারণা, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে তা রাশিয়ার জন্য সামরিক ও অর্থনৈতিকভাবে লাভজনক হবে।

সূত্রের দাবি, রাশিয়া ইরানকে তাদের ‘শাহেদ’ ড্রোনের উন্নত সংস্করণ তৈরির জন্য বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেছে। এই আধুনিকায়ন মূলত ড্রোনের যোগাযোগ ব্যবস্থা, নেভিগেশন এবং নিখুঁত নিশানায় আঘাত হানার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে করা হচ্ছে। এছাড়া ইউক্রেন যুদ্ধে ড্রোন ব্যবহারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাশিয়া তেহরানকে কৌশলগত পরামর্শও দিচ্ছে। একটি অভিযানে কয়টি ড্রোন ব্যবহার করা উচিত এবং কত উচ্চতা থেকে হামলা চালালে তা সবচেয়ে কার্যকর হবে—এসব বিষয়েও ইরানকে দিকনির্দেশনা দিচ্ছে মস্কো। একজন জ্যেষ্ঠ ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তাও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক বাহিনী এবং তাদের আঞ্চলিক মিত্রদের সুনির্দিষ্ট অবস্থান সংক্রান্ত তথ্য ইরানকে সরবরাহ করছে রাশিয়া। সংঘাতের শুরুর দিনগুলোতে এই সহযোগিতা আরও গভীর হয়েছে। একজন ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা এবং একজন মধ্যপ্রাচ্যের কূটনীতিক জানিয়েছেন, রাশিয়া সম্প্রতি সরাসরি ইরানকে স্যাটেলাইট ইমেজ সরবরাহ করা শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই সহায়তা অনেকটা ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের গোয়েন্দা সহায়তার মতোই। ধারণা করা হচ্ছে, মস্কোর এই সহায়তার ফলেই সম্প্রতি ইরান এই অঞ্চলে মার্কিন রাডার সিস্টেমগুলোতে সফল হামলা চালাতে সক্ষম হয়েছে। এসব হামলার লক্ষ্যের মধ্যে ছিল জর্ডানে মোতায়েন ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ সিস্টেমের আগাম সতর্কবার্তা দেওয়ার রাডার। এছাড়া বাহরাইন, কুয়েত ও ওমানেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরান।

রাশিয়ার এই সামরিক ও গোয়েন্দা সহযোগিতার বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন