যুক্তরাষ্ট্রে গুগল সার্চে হঠাৎ করেই ব্যাপকভাবে খোঁজা হচ্ছে আরবি শব্দ ‘হাবীবী’ (Habibi)। দেশটির মধ্যবর্তী নির্বাচনে সিনেটর নির্বাচিত আবদুল আল-সাইয়েদের (Abdul El-Sayed) একটি মন্তব্যের পর শব্দটি নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। বিজয়ী ভাষণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে শব্দটি ব্যবহার করে রাজনৈতিক খোঁচা দেন তিনি।
গত বুধবার মিশিগানের ডেট্রয়েটে সমর্থকদের সামনে বিজয়ী ভাষণ দেন সাইয়েদ। এ সময় ভ্যান্সকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জেডি, হাবীবী, কী দারুণ বিদ্রূপ—জানুয়ারিতে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই তোমাকে আমাকে শপথ পড়াতে হবে।’
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট সিনেটের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন সিনেটরদের শপথ পড়ানোর দায়িত্বও সাধারণত তার ওপর থাকে। আগামী জানুয়ারিতে সাইয়েদকে শপথ পড়াতে হতে পারে ভ্যান্সকেই। অথচ নির্বাচনী প্রচারের সময় ভ্যান্স তার বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন। একপর্যায়ে তাকে ‘খুবই মন্দ’ বলেও আক্রমণ করেন তিনি।
সাইয়েদকে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাকে ‘জিহাদি’ বলে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। নির্বাচনী প্রচারে নিজের আরব বংশোদ্ভূত পরিচয় ও মুসলিম বিশ্বাস নিয়ে আক্রমণের মুখে পড়েছিলেন এল-সাইয়েদ। বিজয়ী ভাষণে ‘হাবীবী’ শব্দটি ব্যবহার করে সেই বিরোধেরই প্রসঙ্গ টানেন তিনি।
‘হাবীবী’ আরবি শব্দ। এর অর্থ ‘আমার প্রিয়’, ‘প্রিয়জন’ বা ‘ভালোবাসার মানুষ’। সাধারণত বন্ধু, পরিবারের সদস্য কিংবা ভালোবাসার মানুষকে স্নেহ করে সম্বোধন করতে শব্দটি ব্যবহার করা হয়। তবে ভ্যান্সকে উদ্দেশ করে শব্দটি ব্যবহার করে এল-সাইয়েদ স্নেহ প্রকাশের পাশাপাশি ব্যঙ্গাত্মক রাজনৈতিক বার্তাও দিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে গুগলের শীর্ষ ১০ অনুসন্ধানের তালিকায় (Trending) ছিল ‘হাবীবী মিনিং’ বা হাবীবী শব্দের অর্থ। নির্বাচনের আগে শব্দটি নিয়ে অনুসন্ধান প্রায় ছিল না বললেই চলে। কিন্তু সাইয়েদের বক্তব্যের পর অনুসন্ধান বাড়তে শুরু করে। গ্রিনিচ মান সময় (জিএমটি) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে অনুসন্ধানের আগ্রহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। মিশিগান থেকে সবচেয়ে বেশি মানুষ শব্দটির অর্থ খুঁজেছেন। এরপর ছিল ডেলাওয়্যার ও ওয়েস্ট ভার্জিনিয়া।
মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়েছেন আবদুল এল-সাইয়েদ। তার এই বিজয়ী ভাষণের একটি শব্দই এখন যুক্তরাষ্ট্রের অনলাইন আলোচনায় জায়গা করে নিয়েছে।
সূত্র: ফক্স ২ ডেট্রয়েট
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


