কাতার, ইয়েমেন, তিউনিসিয়া, সিরিয়া, লেবানন ও ফিলিস্তিনে হামলা চালিয়েছে ইসরাইল। গত ৩ দিনে এ হামলা চালায় ইহুদি রাষ্ট্রটি। এতে হামাসের শীর্ষ নেতা খলিল আল–হায়ার ছেলে, তার কার্যালয়ের পরিচালক, তিন দেহরক্ষী ও এক কাতারি নিরাপত্তাকর্মী নিহত হয়েছে বলে জানায় আলজাজিরা।
গত সোমবার ইসরাইলি হামলায় ফিলিস্তিনের গাজায় ১৫০ জন নিহত ও ৫৪০ জনের বেশি আহত হয়েছেন। এর আগে বেলা ১টার দিকে ইসরাইলি যুদ্ধবিমান লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা ও হারমেল এলাকায় হামলা চালায়। এতে কমপক্ষে ৫ জন নিহত হন।
একই রাতে ইসরাইলি যুদ্ধবিমান সিরিয়ার হোমসের বিমানঘাঁটি ও লাতাকিয়ার কাছে একটি সেনাক্যাম্পে হামলা চালায়। স্থানীয় লোকজন প্রবল বিস্ফোরণের শব্দ শুনেছেন। হামলার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
একই রাতে তিউনিসিয়ার সিদি বউ সাইদ বন্দরে একটি জাহাজে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়। এতে জাহাজে আগুন ধরে যায়।
গতকাল বুধবার ইসরাইল ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে ইসরাইল দাবি করেছে।
চলতি বছরে ইসরাইলের হামলার শিকার হয়েছে কাতারও। প্রথমবারের মতো ইসরাইল কাতারে আঘাত হেনেছে। প্রায় দুই হাজার কিলোমিটার দূরের এ হামলায় দোহায় প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

