গাজায় ইসরাইলের ‘গণহত্যা’ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ ভেনিস চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পর এর নির্মাতা ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোরের নাগরিকত্ব বাতিলের হুমকি দিয়েছেন ইসরাইলের সংস্কৃতিমন্ত্রী মিকি জোহার।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোহার তথ্যচিত্রটিকে ‘জঘন্য’ বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে চলচ্চিত্র উৎসবে ছবিটির পুরস্কার জয়কে তিনি ‘ভয়াবহ’ ও ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেন। তার অভিযোগ, নির্মাতারা ‘বিশ্বের ইহুদিবিদ্বেষীদের কাছ থেকে হাততালি পাওয়ার জন্য’ নিজেদের দেশের ক্ষতি করছেন।
জোহার বলেন, আব্রাহাম ও সোরের কর্মকাণ্ড ‘রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার’ শামিল।
পোস্টে তিনি লেখেন, ‘সংস্কৃতিমন্ত্রী হিসেবে আমি রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার দায়ে এসব নিন্দনীয় নির্মাতার ইসরাইলি নাগরিকত্ব বাতিলের জন্য অবিলম্বে পদক্ষেপ নেব।’
৮০ মিনিটের তথ্যচিত্রটিতে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘পরিকল্পিত গণহত্যা’ চালাতে ইসরাইলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত বিভিন্ন পদ্ধতি ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়েছে।
ভেনিসে ছবিটির প্রিমিয়ারে দর্শকেরা ২৫ মিনিট ধরে দাঁড়িয়ে অভিবাদন জানান।
তথ্যচিত্রটিতে ইসরাইলি সামরিক ও গোয়েন্দা বাহিনীর কয়েকজন সদস্যের সাক্ষাৎকার রয়েছে। নিরাপত্তার কারণে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। সাক্ষাৎকারদাতারা ‘ল্যাভেন্ডার’ নামে একটি এআই-চালিত ব্যবস্থার কথা জানিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, গাজায় ফিলিস্তিনিদের টেলিযোগাযোগ পর্যবেক্ষণ এবং হত্যার জন্য লক্ষ্যবস্তু নির্ধারণে এই ব্যবস্থা ব্যবহার করা হয়।
নির্মাতা ইউভাল আব্রাহাম বলেন, তার আশা, এই তথ্যচিত্র পশ্চিমা দেশগুলোকে ইসরাইলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে পদক্ষেপ নিতে উৎসাহিত করবে।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


