পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করায় পাকিস্তানে এক দম্পতিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রোববার ১১ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। পরিবারের সামাজিক মর্যাদা এবং সুনাম রক্ষায় তাদের হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড তথাকথিত ‘অনারকিলিং’ নামে পরিচিত। খবর সংবাদ মাধ্যম ডয়েচে ভ্যালের।
তদন্তের পর স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে একটি স্থানীয় উপজাতি পরিষদের নির্দেশে ওই দম্পতিকে গুলি করা হয়। তবে ওই দম্পতির পরিচয় প্রকাশ করা হয়নি।
হত্যাকাণ্ডের পর এর ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এরপর তদন্তে নামে স্থানীয় প্রশাসন।
প্রাদেশিক মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এক বিবৃতিতে বলেছেন, ভিডিওতে থাকা ব্যক্তিদের শনাক্ত করার পর সন্দেহভাজনদের মধ্যে প্রথমে একজনকে সন্ত্রাসবাদ আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। পরে আরো ১০ জন গ্রেপ্তার হয়।
মরভূমিতে ধারণ করা ভিডিওতে দেখা গেছে কয়েকজন লোক পিকাপ এবং এসইউবি নিয়ে জড়ো হয়েছেন। সেখানে ওই দম্পতিকে নিয়ে গুলি করা হয়।
ওই নারীকে পবিত্র গ্রন্থ কুরআনের একটি কপি দেওয়া হয়, এরপর তিনি এক ব্যক্তিকে বলেন, ‘আমার সঙ্গে সাত কদম হাঁটো, তারপর তুমি আমাকে গুলি করতে পারো।’ লোকটি কয়েক কদম তার পিছনে পিছনে গেলে, নারী বলেন, ‘তোমার কেবল আমাকে গুলি করার অনুমতি আছে। এর বেশি কিছু নয়।’
এরপর লোকটি তার দিকে পিস্তল তাক করে তিনবার গুলি করে। নারীটি প্রাণভিক্ষা চায়নি। এমনকি তাকে কাঁদতেও দেয়া যায়নি। তৃতীয় গুলি চালানোর পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ভিডিওতে তার পাশে মাটিতে পড়ে থাকা একজন পুরুষের রক্তাক্ত লাশ দেখানো হয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


