ইসরাইলের গোয়েন্দা তথ্য হাতে পেয়েছে ইরান, আছে পারমাণবিক স্থাপনা ও প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কিত নথিপত্রও। শনিবার সংবাদ মাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে আরও আছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, কৌশলগত ও সংবেদনশীল ইসরাইলি গোয়েন্দা তথ্যের একটি বিশাল ভাণ্ডার হাতে পেয়েছে ইরান। যার মধ্যে রয়েছে ইসরাইলি পারমাণবিক স্থাপনা এবং প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কিত নথিপত্রও।
প্রতিবেদনটিতে এসব নথি কী ধরনের কিংবা কীভাবে সেগুলো সংগ্রহ করা হয়েছে সে বিষয়ে কোনো বিবরণ দেওয়া হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, এই গোয়েন্দা তথ্যের মধ্যে ইসরাইলের পারমাণবিক পরিকল্পনা ও স্থাপনাগুলোর সঙ্গে সম্পর্কিত হাজার হাজার নথি রয়েছে।
ইরানের গোয়েন্দা সংস্থা বা অন্যান্য রাষ্ট্রীয় গণমাধ্যম তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইরান ও ইসরাইল অনেক বছর ধরে একে অপরের বিরুদ্ধে গোপন ও প্রকাশ্য অভিযান পরিচালনা করে আসছে—যার মধ্যে রয়েছে সাইবার হামলা, গুপ্তহত্যা, ড্রোন হামলা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড।
তেহরান অভিযোগ করে আসছে, ইসরাইল তার একাধিক পারমাণবিক বিজ্ঞানীকে হত্যার পেছনে রয়েছে, অন্যদিকে ইসরাইল ইরানকে আঞ্চলিক বিভিন্ন মিলিট্যান্ট গোষ্ঠীকে সহায়তা দেওয়া এবং বিদেশে ইসরাইলি স্বার্থে হামলার জন্য দায়ী করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

