চীনে তৈরি ১৯ আসনের একটি বৈদ্যুতিক বিমান প্রথমবারের মতো পাইলট ও পরীক্ষক নিয়ে সফলভাবে আকাশে উড়েছে। এর আগে চালকবিহীন অবস্থায় একাধিকবার পরীক্ষামূলক উড্ডয়ন করলেও এবারই প্রথম দুই পাইলট ও পরীক্ষকসহ বিমানটি আকাশে ওড়ে। একবার পূর্ণ চার্জে বিমানটি ৪০০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
শনিবার চীনের পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের বিনঝৌ শহরে ১০ টন ওজনের বিমানটির এই পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়। উড্ডয়নের পর বিমানটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে অবস্থান করে এবং এ সময় ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে।
নির্মাতা দলের দাবি, পুরো পরীক্ষামূলক উড্ডয়ন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এ সময় বিমানের সব কার্যক্রম প্রত্যাশা অনুযায়ী কাজ করেছে এবং কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়নি।
সিই-২৫এ নামের এই বৈদ্যুতিক বিমান তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কম্যাক)। এটি প্রতিষ্ঠানটির তৈরি প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান। এর আগে গত ২ ফেব্রুয়ারি বিমানটির প্রথম চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত বিমানটির ১৯টি চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে।

বিমানটি মূলত স্বল্প দূরত্বে এক শহর থেকে অন্য শহরে যাত্রী পরিবহনের জন্য তৈরি করা হয়েছে। এতে একসঙ্গে ১৯ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম বিমানটি একবার চার্জে সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।
বিমানটির ডানার ওপর স্থাপন করা হয়েছে বিশেষ ধরনের বৈদ্যুতিক পাখা বা ফ্যান। এসব ফ্যানের সাহায্যেই বিমানটি চলাচল করবে। এর নকশা ও প্রযুক্তি উন্নয়নে কম্যাকের সঙ্গে কাজ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
এদিকে, বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমতি পেতে প্রয়োজনীয় সনদের জন্য আবেদন করেছে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সেই আবেদন গ্রহণ করেছে। তবে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করার আগে বিমানটিকে আরও কয়েকটি পরীক্ষার ধাপ অতিক্রম করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, সিই-২৫এ সফলভাবে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী হয়ে উঠলে স্বল্প দূরত্বে যাত্রী পরিবহনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি প্রচলিত জ্বালানির পরিবর্তে বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বিমান চলাচলে জ্বালানির ওপর নির্ভরতা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর পথও তৈরি হতে পারে।
সূত্র: গ্লোবাল টাইমস
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


