আল-আকসা মসজিদের পবিত্রতা বারবার লঙ্ঘনের ঘটনায় মরক্কোর গভীর উদ্বেগ

আল-আকসা মসজিদের পবিত্রতা বারবার লঙ্ঘনের ঘটনায় মরক্কোর গভীর উদ্বেগ

অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরাইলের একতরফা পদক্ষেপ এবং পবিত্র আল-আকসা মসজিদের পবিত্রতা বারবার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। দেশটির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের গুরুতর বাড়াবাড়ি ও উসকানিমূলক কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে মধ্যপন্থার কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে চরমপন্থা ও ঘৃণার মনোভাবকে উসকে দিচ্ছে।

বিজ্ঞাপন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া নীতি-নির্ধারণী ভাষণে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা দেশটির এই অবস্থানের কথা জানান।

ভাষণে তিনি বলেন, ফিলিস্তিন ইস্যু মরক্কোর পররাষ্ট্রনীতির একটি অবিচ্ছেদ্য অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো ১৯৬৭ সালের ৪ জুনের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যা শান্তির সঙ্গে ইসরাইলের পাশাপাশি অবস্থান করবে।

জেরুজালেমের পবিত্রতা রক্ষা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ওআইসির ‘আল-কুদস কমিটির’ চেয়ারম্যান হিসেবে মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ পবিত্র এই নগরীর ঐতিহাসিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক ও আইনি মর্যাদা অক্ষুণ্ণ রাখতে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে ‘বাইত মাল আল-কুদস এজেন্সি’র মাধ্যমে মাঠপর্যায়ে মাকদিসি (জেরুজালেমের অধিবাসী) বাসিন্দাদের জীবনমান উন্নয়ন ও তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার কার্যক্রম অব্যাহত রয়েছে।

পশ্চিম তীরের সামগ্রিক পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডের আইনি পরিচয় বদলে দেওয়া এবং অবৈধ বসতি সম্প্রসারণের উদ্দেশ্যে একের পর এক আইন প্রণয়ন করা হচ্ছে। এছাড়া ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের পরিকল্পিত ও পদ্ধতিগত সহিংসতা মূলত সাধারণ মানুষকে নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ভিত্তিকে নস্যাৎ করার একটি চক্রান্ত।

বক্তব্যে গাজায় দীর্ঘমেয়াদি মানবিক দুর্ভোগের অবসান ঘটাতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং কোনো ধরনের বাধা ছাড়া পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছানোর আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। একই সাথে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার বাস্তব প্রয়াস হিসেবে গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশগ্রহণ, ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ এবং একটি ফিল্ড হাসপাতাল স্থাপনে মরক্কোর প্রস্তুতির কথাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন