অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সমাজকর্মী ও পরিবেশবাদী সোনম ওয়াংচুক। অনশন ভাঙার কয়েক ঘণ্টা পরেই তার উদ্দেশে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোনম ওয়াংচুকের সুস্বাস্থ্য কামনা করে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি লেখেন, ‘আমি সোনম ওয়াংচুককে অনুরোধ করছি, তিনি যেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করেন এবং দ্রুত আগের স্বাভাবিক ওজনে ফিরে আসেন। সর্বশক্তিমানের কাছে তার সুস্বাস্থ্য কামনা করছি।’
সোনম ওয়াংচুক শুক্রবার গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে তার অনুশন ভাঙেন। গত ২৮ জুন থেকে অনশন করছিলেন তিনি। সরকারের পক্ষ থেকে জানানো হয়, দিল্লির জন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না—এই আশ্বাসের পরই তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
অনশন ভাঙার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং, লেহ-লাদাখের অ্যাপেক্স বডির শীর্ষ নেতারা, চিকিৎসক ও ওয়াংচুকের পরিবারের সদস্যরা।
এসময় ওয়াংচুক বলেন, ‘আমি কৃতজ্ঞ ও আনন্দিত যে আজ অনশন ভাঙতে পারলাম। সবাইকে ধন্যবাদ।’
কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা সরকারের পক্ষ থেকে একাধিক আশ্বাসের কথা তুলে ধরেন। তিনি জানান, জন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনকারী এবং ২০ জুলাই ২০২৬ সংসদ অভিমুখে পদযাত্রায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা না করার বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে।
এছাড়া সংসদে প্রশ্নপত্র ফাঁস রোধ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনার আশ্বাস পুনর্ব্যক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে আপনি পুরো জাতির বিবেককে জাগিয়ে তুলেছেন। এই দেশের জন্য আপনার জীবন অত্যন্ত মূল্যবান।’
তবে তিনি জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
সূত্র: এনডিটিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


