আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুরুতর মুহূর্তে বিশ্ব নিরাপত্তা, সতর্ক করলেন জাতিসংঘের মহাসচিব

আমার দেশ অনলাইন

গুরুতর মুহূর্তে বিশ্ব নিরাপত্তা, সতর্ক করলেন জাতিসংঘের মহাসচিব

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ কার্যকর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়াকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ‘গুরুতর মুহূর্ত’ বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার এক বিবৃতিতে গুতেরেস বলেন, ৫ ফেব্রুয়ারি মধ্যরাতে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার মাধ্যমে বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক অস্ত্রধারী দেশের ওপর আইনি সীমা কার্যত বিলুপ্ত হলো।

বিজ্ঞাপন

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘অর্ধশতাব্দীরও বেশি সময়ের মধ্যে এই প্রথম আমরা এমন একটি বিশ্বের মুখোমুখি হলাম, যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলোর ওপর কোনো বাধ্যতামূলক সীমা নেই।’

গুতেরেস বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র বৈশ্বিক পারমাণবিক অস্ত্রের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশের মালিক। এই দুই দেশের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা দীর্ঘদিন ধরে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয় হিসেবে কাজ করেছে।

তিনি স্মরণ করিয়ে দেন, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টকস থেকে শুরু করে নিউ স্টার্ট পর্যন্ত বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে হাজার হাজার পারমাণবিক অস্ত্র হ্রাস করা সম্ভব হয়েছে, যা বিশ্ব নিরাপত্তা জোরদার করেছে।

তবে গুতেরেস সতর্ক করে বলেন, ‘দশকের পর দশক ধরে অর্জিত এই সাফল্যের ভাঙন এমন এক সময়ে ঘটছে, যখন পরিস্থিতি আরো বেশি উদ্বেগজনক। বর্তমানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে।’

তিনি বলেন, যাচাইযোগ্য সীমা না থাকলে এবং ভূরাজনৈতিক উত্তেজনা ও প্রযুক্তিগত পরিবর্তনের এই সময়ে বৈশ্বিক নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।

তবে একই সঙ্গে গুতেরেস এটিকে নতুন করে অস্ত্র নিয়ন্ত্রণ উদ্যোগ শুরু করার সুযোগ হিসেবেও দেখার আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বিশ্ব এখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে— তারা যেন কথাকে কাজে পরিণত করে। তিনি উভয় দেশকে দ্রুত আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে বলেন, এমন একটি নতুন কাঠামো প্রয়োজন যা যাচাইযোগ্য সীমা পুনঃপ্রতিষ্ঠা করবে, ঝুঁকি কমাবে এবং যৌথ নিরাপত্তা জোরদার করবে।

উল্লেখ্য, নিউ স্টার্ট চুক্তি ২০১০ সালের ৮ এপ্রিল চেক প্রজাতন্ত্রের প্রাগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়। এটি কার্যকর হয় ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি। এর আগে ১৯৯১ সালের স্টার্ট–১ চুক্তির মেয়াদ ২০০৯ সালে শেষ হয় এবং ২০০২ সালের স্ট্র্যাটেজিক অফেনসিভ রিডাকশনস ট্রিটি (SORT) নিউ স্টার্ট কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাতিল হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন