আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নকআউটেও সরকারের সিদ্ধান্তই মানবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

নকআউটেও সরকারের সিদ্ধান্তই মানবে পাকিস্তান

বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে আইসিসি। ব্যাপারটা মানতে পারছেন না পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। তারই অংশ হিসেবে বিশ্বকাপের গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।

বিজ্ঞাপন

এবার একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। নকআউট পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ পড়লে কী করবে পাকিস্তান? এ বিষয়ে বুধবার কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। তার বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদনে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে সরকারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে পাকিস্তান ক্রিকেট টিম।

কলম্বোতে সংবাদমাধ্যমকে সালমান আগা বলেন, ‘ভারতের বিপক্ষে খেলার সিদ্ধান্তটা আমাদের হাতে ছিল না। এটি ছিল সরকারের সিদ্ধান্ত। যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হয়, আমরা আবার সরকারের কাছে যাব এবং তাদের পরামর্শ অনুযায়ীই সিদ্ধান্ত নেব।’

বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবিও তুলেছিল পিসিবি। বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় আক্ষেপ করেন পাকিস্তান অধিনায়ক, ‘বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় খারাপ লাগছে। তাদের দল খুব ভালো ছিল। তারা আমাদের ভাই। আশা করি, তারা আমাদের সমর্থন করবে।’

আগের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের স্মৃতি রোমন্থন করে সালমান বলেন, ‘গত বিশ্বকাপে আমরা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিলাম। এবার সেই হতাশা পেছনে ফেলে কিছু ভুল শুধরে নিতে চাই।’

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে পাকিস্তান খোয়াবে দুই পয়েন্ট। তার বাজে প্রভাব পড়বে নেট রান রেটে। বৃষ্টির কারণে কোনো ম্যাচ বাতিল হলে কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে পাকিস্তানকে। এ বিষয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ভুলের সুযোগ খুব কম, সেটা আমরা জানি। কিন্তু আবহাওয়া আমাদের হাতে নেই। আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন