জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটি ছিল ব্যাটারদের দখলে। বরিশালের বিপক্ষে ময়মনসিংহকে ২৪৭ রানের সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালিদ হাসান। অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে সিলেটের বড় সংগ্রহের ভিত গড়েছেন আশরাফুল হাসান ও অধিনায়ক জাকির হাসান।
টস জিতে ব্যাটিংয়ে নামা ময়মনসিংহ শুরুতেই চাপে পড়ে। ২৬ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। তবে এক প্রান্তে অবিচল থেকে ১৭৪ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৭৪ রান করেন খালিদ। আবদুল মাজিদের ৩৭ রানের পর আল আমিন জুনিয়রের ৫৪ ও মোসাদ্দেক হোসেনের ৪৭ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় দলটি। শেষদিকে ফাহিমের অপরাজিত ২৫ রানে ৮২.৩ ওভারে ছয় উইকেটে ২৪৭ রান নিয়ে দিন শেষ করে ময়মনসিংহ। বরিশালের তানভীর ইসলাম ৫৫ রানে নেন তিন উইকেট।
রাজশাহীর বিপক্ষে সিলেটের ইনিংস আরো সমৃদ্ধ। মজহারুল হক মাজেদের ৫০ রানের পর জাকির ১০৬ বলে করেন ৬৫। তবে দিনের সবচেয়ে উজ্জ্বল ইনিংসটি আশরাফুলের, ১২৩ বলে ৯ চার ও এক ছক্কায় করেন ৮৩। তোফায়েল আহমেদের ৪২ ও নাসুম আহমেদের অপরাজিত ২৪ রানও অবদান রেখেছে। দিন শেষে ৭৯ ওভারে আট উইকেটে ৩২৯ রান তুলেছে সিলেট। রাজশাহীর নিহাদ উজ জামান ৫১ রানে তিন উইকেট নিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

