আমেরিকায় পুনর্বাসনের জন্য প্রতীক্ষারত পাকিস্তানে থাকা আফগান শরণার্থীদের তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। শনিবার তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
তিনি বলেন, আমেরিকান সরকার যদি আমেরিকায় পুনর্বাসনের অপেক্ষায় থাকা আফগান শরণার্থীদের কোথাও নিয়ে যাওয়ার বিষয়ে কোনো প্রক্রিয়া শুরু না করে, তবে পাকিস্তান থেকে তাদের বহিষ্কার করা হবে। তিনি জানান, আমেরিকার পক্ষ থেকে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে তাদের পুনর্বাসনের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
তিনি বলেন, যদি কোনো শরণার্থীকে গ্রহণে আমেরিকা রাজি না হয়, তবে এই শরণার্থীরা পাকিস্তানে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য হবে এবং পাকিস্তান তাদের আফগানিস্তানে ফেরত পাঠাবে।
তবে এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে ইসলামাবাদ আগ্রহী জানিয়ে ইসহাক দার বলেন, পাকিস্তান সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ বিষয়ে সমঝোতার জন্য কাজ করবে।
এর আগে গত মাসে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশটিতে সব ধরনের শরণার্থী আবেদন ও কিছু দেশ থেকে পর্যটকদের ভ্রমণ অনুমতি স্থগিত রাখার নির্দেশ দেন। আমেরিকার জাতীয় স্বার্থের প্রতি লক্ষ রেখেই দেশটিতে শরণার্থী গ্রহণ নিশ্চিত করতে এ নির্দেশ জানিয়েছিলেন তিনি।
ট্রাম্পের এ সিদ্ধান্তে আফগানিস্তান ছাড়তে প্রস্তুতি নেওয়া ৪৫ হাজার বাসিন্দা এবং পাকিস্তানে অবস্থানরত ১৫ হাজার আফগান শরণার্থীকে অসহায় অবস্থায় ফেলে দিয়েছে বলে জানায় আমেরিকায় আফগান শরণার্থীদের পুনর্বাসনে সহায়তা করা সংগঠন ‘#আফগানইভাক’।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

