এনভিডিয়ার সংকটে প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি খাতের নিরাপত্তা

এনভিডিয়ার সংকটে প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি খাতের নিরাপত্তা
১৩ অক্টোবর প্যারিসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ের সময় জেনসেন হুয়াং-কে দেখা যাচ্ছে। ছবি-এএফপি/গেটি ইমেজেস

বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের একাধিক পরকীয়ার অভিযোগ, চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহ এবং যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা অমান্য করে চীনে উন্নত প্রযুক্তির চিপ সরবরাহের অভিযোগ—সব মিলিয়ে নতুন সংকটে পড়েছে মার্কিন প্রযুক্তি খাত।

তবে ব্যক্তিগত সম্পর্ক ও গুপ্তচরবৃত্তির চাঞ্চল্যকর অভিযোগের বাইরেও এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে শত শত কোটি ডলারের বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়।

বিজ্ঞাপন

চলতি সপ্তাহে এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং একাধিক সম্পর্কের অভিযোগ সামনে আসার পর পদত্যাগ করেছেন। অভিযোগগুলোর মধ্যে একজন অধস্তন কর্মী এবং এমন এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়ও রয়েছে, যাকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চীনা গোয়েন্দা সংস্থার সম্ভাব্য সম্পদ হিসেবে সন্দেহ করতেন।

চীনে চিপ বিক্রিতে হুয়াংয়ের আগ্রহ, বাধা ওয়াশিংটনের

দীর্ঘদিন ধরেই চীনের বাজারে এনভিডিয়ার চিপ বিক্রির পক্ষে অবস্থান নিয়ে আসছিলেন হুয়াং। ২০২৫ সালে মিলকেন ইনস্টিটিউটের বার্ষিক সম্মেলনে তিনি বলেছিলেন, চীনে এআই চিপের বাজার একসময় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। বাজারটির বিশাল সম্ভাবনা বোঝাতে তিনি বোয়িংয়ের পুরো প্রতিষ্ঠানের সঙ্গে এর তুলনা করেছিলেন।

তবে হুয়াংয়ের এই ব্যবসায়িক পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় ওয়াশিংটন। চীনের সামরিক সক্ষমতা ও এআই প্রযুক্তির উন্নয়নে মার্কিন চিপ ব্যবহার ঠেকাতে জো বাইডেনের প্রশাসন উন্নত সেমিকন্ডাক্টর রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে।

পরবর্তী সময়ে এনভিডিয়া মার্কিন নিয়ম মেনে চীনে বিক্রির উপযোগী তুলনামূলক কম শক্তিশালী চিপ তৈরি করলেও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেটি বিক্রিতেও বিধিনিষেধ আরোপ করে। এনভিডিয়ার হিসাবে, এতে প্রতিষ্ঠানটির ৫৫০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

তবে এসব বিধিনিষেধের মধ্যেও চীনের বাজারে ব্যবসা ধরে রাখার চেষ্টা চালিয়ে গেছেন হুয়াং। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সরকার চীনের ১০টি প্রতিষ্ঠানকে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ চিপ কেনার অনুমতি দিয়েছিল।

চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্ত

এই বিতর্কে গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিড। এনভিডিয়ার অন্যতম গ্রাহক এই প্রতিষ্ঠানের নির্বাহী ছিলেন অ্যালিস হুয়াং। জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাকে চীনা গোয়েন্দা সংস্থার সম্ভাব্য সহযোগী হিসেবেও সন্দেহ করছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

মেগাস্পিডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উন্নত সেমিকন্ডাক্টর চিপ চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরিয়ে দেওয়ার অভিযোগ তদন্ত করছে মার্কিন কর্তৃপক্ষ। এতে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন বিশ্লেষকের হিসাব অনুযায়ী, মেগাস্পিড এনভিডিয়ার কাছ থেকে ৪০০ কোটি ডলারের বেশি মূল্যের চিপ কিনেছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কয়েক মাস ধরেই প্রতিষ্ঠানটির কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা মনে করতেন, মেগাস্পিডকে বাণিজ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। কারণ, প্রতিষ্ঠানটি উন্নত চিপ চীনে সরবরাহ করে থাকতে পারে বলে তাদের আশঙ্কা ছিল।

কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠানটিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করতে দেরি করে। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে কয়েক মাস আগেই অবহিত করা হয়েছিল।

অন্যদিকে মেগাস্পিড সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তারা আইন মেনে ব্যবসা পরিচালনা করে। এনভিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিধিনিষেধ কার্যকর হওয়ার পর চীনে তাদের ব্যবসা শূন্যে নেমে আসে।

লুটনিককে ঘিরে ট্রাম্প প্রশাসনে দ্বন্দ্ব

মেগাস্পিডকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিলম্ব নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরেও বিরোধ তৈরি হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট প্রকাশ্যেই অভিযোগ করেছেন, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মেগাস্পিডকে চিহ্নিত করার ক্ষেত্রে লুটনিকের নেতৃত্বাধীন বাণিজ্য মন্ত্রণালয় অযথা বিলম্ব করেছে।

এ নিয়ে প্রশাসনের অভ্যন্তরে মতবিরোধ এতটাই বেড়েছে যে লুটনিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তবে ট্রাম্প এখনো তার দীর্ঘদিনের বন্ধু লুটনিকের প্রতি সমর্থন বজায় রেখেছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যমন্ত্রীর ওপর ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে। এদিকে শুক্রবার সিনেটের ব্যাংকিং কমিটির সামনে স্বেচ্ছায় সাক্ষ্য দিতে সম্মতি জানিয়েছেন লুটনিক।

এনভিডিয়ার চিপ চীনে পাচারের অভিযোগে আরেক প্রতিষ্ঠান

এই বিতর্কে আরো একটি গুরুত্বপূর্ণ নাম সুপার মাইক্রো কম্পিউটার। চলতি বছরের মার্চে ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে এনভিডিয়ার চিপযুক্ত ২৫০ কোটি ডলারের সার্ভার চীনে পাচারের অভিযোগ আনা হয়।

মার্কিন রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে অভিযোগপত্রে প্রতিষ্ঠানটির নাম উল্লেখ করা হয়নি। সুপার মাইক্রো জানিয়েছে, তদন্তে অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে তারা পূর্ণ সহযোগিতা করছে। এই ঘটনা দেখিয়ে দিয়েছে, কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও এনভিডিয়ার চিপ চীনে পৌঁছানোর পথ পুরোপুরি বন্ধ করা যায়নি।

এআই খাতে ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

এনভিডিয়াকে ঘিরে বিতর্কের আরেকটি বড় দিক হলো কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল অর্থের প্রবাহ। বর্তমানে এআই প্রযুক্তির অবকাঠামো নির্মাণে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে। এই অর্থায়নের ধরনকে কেউ কেউ ‘সার্কুলার ফাইন্যান্সিং’ বা চক্রাকার অর্থায়ন হিসেবে বর্ণনা করছেন।

গত গ্রীষ্মে এনভিডিয়া অ্যাপোলো, ব্ল্যাকরক, ব্ল্যাকস্টোন, ব্রুকফিল্ড, গোল্ডম্যান স্যাকস ও কেকেআরের মতো বড় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মিলে ৫০০ বিলিয়ন ডলারের বেশি ঋণ দেওয়ার উদ্যোগে যুক্ত হয়। এই অর্থ এআই অবকাঠামো নির্মাণে ব্যয় হওয়ার কথা। এ ছাড়া চলতি বছর ওপেনএআইয়ের একটি বিশাল ডেটা সেন্টার প্রকল্পে ১০৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এনভিডিয়া।

এনভিডিয়ার ব্যবসায়িক কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ ও অর্থায়নের চুক্তি করা, যেসব প্রতিষ্ঠান পরবর্তী সময়ে এনভিডিয়ার পণ্য কেনে। হুয়াংয়ের নেতৃত্বে এসব চুক্তি ও বিনিয়োগের বিস্তার ঘটেছিল। তাঁর পদত্যাগের পর এই ব্যবসায়িক মডেলও নতুন করে যাচাই-বাছাইয়ের মুখে পড়তে পারে।

বিনিয়োগকারীদের কাছেও জবাবদিহির প্রশ্ন

জেনসেন হুয়াং এনভিডিয়ার পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীদের কাছে নিজের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কোনো তথ্য গোপন করেছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সোমবার দায়ের করা এক শেয়ারহোল্ডার মামলায় অভিযোগ করা হয়েছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে জেনসেন হুয়াং বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন। এ ছাড়া মার্কিন কংগ্রেসও এ বিষয়ে জবাব চাইছে। সিনেটের ব্যাংকিং কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, জেনসেন হুয়াং স্বেচ্ছায় সাক্ষ্য দিতে রাজি না হলে তাঁকে তলব করা হতে পারে।

এনভিডিয়াকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন আর শুধু একজন প্রযুক্তি নির্বাহীর ব্যক্তিগত জীবন বা পদত্যাগের ঘটনায় সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতা, জাতীয় নিরাপত্তা, রপ্তানি নিয়ন্ত্রণ এবং এআই শিল্পে বিপুল বিনিয়োগের ভবিষ্যৎ। ফলে হুয়াংয়ের বিদায়ের পর এনভিডিয়ার ব্যবসায়িক কৌশল ও মার্কিন প্রযুক্তিনীতি কোন দিকে যায়, তা নিয়ে বাড়ছে আগ্রহ।

সূত্র: সিএনএন ও রয়টার্স

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...