স্ক্যান্ডিনেভিয়া থেকে আল্পস পর্বতমালা তীব্র দাবদাহে পুড়েছে শনিবার। অন্তত ১২ জনের মৃত্যুর কারণ হওয়া এই দাবদাহ এখন পূর্ব দিকে ছড়িয়ে পড়ছে। এর ফলে কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে।
শনিবার জার্মানি, ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্রে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার প্রাথমিক রেকর্ড তৈরি হয়েছে। সুইজারল্যান্ডে ভেঙেছে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। চলতি সপ্তাহের শুরুর দিকে ফ্রান্স ও যুক্তরাজ্যেও একই ধরনের রেকর্ড ভেঙেছিল।
বিজ্ঞানীরা জানিয়েছেন, মানুষের তৈরি জলবায়ু পরিবর্তন ছাড়া এই শ্বাসরুদ্ধকর দাবদাহ প্রায় অসম্ভব ছিল। এই জলবায়ু পরিবর্তনের কারণেই দুই দশক আগের তুলনায় চলতি সপ্তাহে রাতের তাপমাত্রা ১০০ গুণ বেশি সম্ভাব্য হয়ে উঠেছে।
জার্মানির ফেডারেল আইনপ্রণেতা এবং গ্রিন পার্টির সাবেক সংসদীয় দলনেতা ক্যাট্রিন গোয়ারিং-একার্ড এক্সে লিখেছেন, ‘এই গরম কোনো মনোরম গ্রীষ্মকালীন আবহাওয়া নয়। এটি একটি স্বাস্থ্য সংকট।’
শনিবার বার্লিনের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে সেখানকার পুলিশ সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে দুটি জলকামান দিয়ে হালকা পানি স্প্রে করে।
জার্মানির আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-অ্যানহাল্টের মকার্ন-ড্রেউইটজে শনিবার সর্বোচ্চ ৪১.৫ ডিগ্রি সেলসিয়াসের নতুন প্রাথমিক রেকর্ড হয়েছে। এটি তার আগের দিন ফ্রান্স সীমান্তবর্তী সারব্রুকেনের কাছে হওয়া ৪১.৩ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
ডেনমার্কের আবহাওয়া ইনস্টিটিউট জানিয়েছে, শনিবার আরহুস শহরের উত্তরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ১৮৭৪ সালে পরিমাপ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।
চেক হাইড্রোমেটিওরোলজিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, প্রাগের উত্তরে রেকর্ড ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাপা হয়েছে। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় শুক্রবার ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত রাত রেকর্ড করা হয়েছে।
পানি সাশ্রয়ের আহ্বান
শনিবার জার্মানির কর্তৃপক্ষ প্রায় দেশজুড়ে চরম দাবদাহের সতর্কতা জারি করেছে। দাবদাহ পূর্ব দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে পোল্যান্ডের প্রায় সব অঞ্চলেই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশ ওপরে উঠে গেছে। দানিউব নদীর পানি অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে হাঙ্গেরির পাকস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তাদের একটি রিয়্যাক্টরের উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। এর আগে সুইজারল্যান্ডের বেজনৌ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও আর নদীর তাপমাত্রা বৃদ্ধির কারণে সাময়িকভাবে তাদের রিয়্যাক্টরগুলো বন্ধ করে দেয়।
ফ্রান্সে এই দাবদাহের কারণে তরুণ ও বৃদ্ধসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরের তাপমাত্রা দেশটির রেল যোগাযোগ ও বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটিয়েছে। এ ছাড়া অ্যালকোহল নিষিদ্ধ করা, ক্লাস স্থগিত করা এবং আউটডোর ইভেন্টগুলো পিছিয়ে দেওয়া হয়েছে।
ফ্রান্স সরকার জানিয়েছে, দাবদাহের কারণে শুরুতে মন্দা থাকায় এবার গ্রীষ্মকালীন কেনাকাটার ছাড়ের সময়সীমা বাড়ানো হবে।
ইতালি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ও রোববারের জন্য মিলান, রোম, তুরিন, ভেনিস, জেনোয়া, ফ্লোরেন্স এবং বোলোনিয়াসহ ১৮টি শহরে রেড অ্যালার্ট জারি করেছে। পো নদীর পানি প্রবাহ নাটকীয়ভাবে কমে গেছে এবং সমুদ্রের লোনা পানি ভেতরের দিকে চলে আসছে। এটি স্থানীয় কৃষিকাজ এবং ইতালির এই প্রধান নদীটির বাস্তুসংস্থানের জন্য হুমকি তৈরি করছে। আল্পস পার্বত্য অঞ্চলেও রাতে কোনো স্বস্তি ছিল না।
ইতালির দক্ষিণ টাইরোলের বোলজানো শহরের আবহাওয়াবিদ ডিটার পিটারলিন জানিয়েছেন, সেখানে রাতের তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি, যা জুনের একটি নতুন রেকর্ড।
পরিবেশবাদীরা ইউরোপের হিমবাহগুলোর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন।
রেল ভ্রমণ কমাতে টিকিট বাতিলের সুযোগ
রাস্তা বেঁকে যাওয়া এবং ট্রেনের রেললাইন ফুলে যাওয়াসহ অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঝুঁকিতে পড়ে কিছু রেলসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্রেন চলাচল কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। জার্মানির জাতীয় রেল অপারেটর ডয়চে বান গ্রাহকদের আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দূরপাল্লার ভ্রমণ বিনামূল্যে বাতিলের সুযোগ দিয়েছে।
আরেকটি অপারেটর, ন্যাশনাল এক্সপ্রেস, সতর্কতার অংশ হিসেবে শনিবার বিকেলে জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়াতে কিছু ট্রেন চলাচল স্থগিত করে। হামবুর্গের কাছে জার্মানির অন্যতম ব্যস্ত মহাসড়কের প্রধান লেনটি আংশিকভাবে বন্ধ করা হয়, কারণ গরমে সেখানকার পিচ ফেটে গিয়েছিল।
সুইজারল্যান্ডে লুসান প্রাইড মার্চে অতিরিক্ত পানির ফোয়ারা এবং জরুরি উদ্ধারকারী দল রাখা হয়েছিল। অন্যদিকে মিলানের প্রাইড মার্চ গরমের প্রভাব এড়াতে বিকেল ৫টা পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। ফ্রাঙ্কফুর্টে রোববারে অনুষ্ঠিতব্য আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রায়াথলনের সাইক্লিং এবং রানিং কোর্স গরমের কারণে সংক্ষিপ্ত করা হয়েছে।
‘ওমেগা ব্লক’
সপ্তাহের শেষ দিকে এই চরম গরম কমতে শুরু করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এবং রোববার ভারী বজ্রঝড় হতে পারে। ঝড়ের পূর্বাভাসের কারণে প্যারিস কর্তৃপক্ষ শনিবার তাদের পার্ক, উদ্যান এবং খালগুলোর সাঁতার কাটার এলাকা দ্রুত বন্ধ করার ঘোষণা দেয়। পুরো ইউরোপজুড়ে সাংস্কৃতিক নিদর্শনগুলো বন্ধ করতে হয়েছে, কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু হাসপাতাল পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।
রয়টার্স ক্লাইমেট মনিটরের তথ্য অনুযায়ী, এই দাবদাহ তাপমাত্রা ঋতুভিত্তিক গড় হারের চেয়ে অনেক ওপরে নিয়ে গেছে। গ্রিক অক্ষর ওমেগার মতো আকৃতির কারণে এই আবহাওয়া পরিস্থিতিকে ‘ওমেগা ব্লক’ ফেনোমেনন বা প্রক্রিয়া বলা হচ্ছে। এই আবহাওয়ার ধরণটি একটি বিশাল গরম বাতাসের কুন্ডলীকে দীর্ঘ সময়ের জন্য নির্দিষ্ট অঞ্চলের ওপর আটকে রাখে এবং এর প্রান্তে ঠান্ডা বাতাস অবস্থান করে।
সূত্র: রয়টার্স
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


