আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরাইলের হামলা, নিহত ৪

আমার দেশ অনলাইন

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরাইলের হামলা, নিহত ৪

লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরাইলের বোমা হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার ভোরে এ হামলা চালায় ইসরাইল। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। হামলার কথা স্বীকার করেছে ইসরাইলি সামরিক বাহিনী। খবর আল জাজিরার।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, নিহতদের একজন সিরীয় নাগরিক খালেদ মোহাম্মদ আল-আহমাদ।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইল জানায়, লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে)-এর সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা।

ইসরাইলি বাহিনী আরো জানায়, লেবাননের মাজদাল আনজার এলাকায় এ হামলা চালানো হয়। এ বিষয়ে পিআইজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পিআইজে হলো দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী, যারা গাজায় হামাসের সঙ্গে মিলে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মিত্র। ২০২৩ সালে গাজায় ইসরাইলি যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের সমর্থনে হিজবুল্লাহ উত্তর ইসরাইলে হামলা শুরু করে।

২০২৪ সালের নভেম্বরে ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হলেও, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই সমঝোতা সত্ত্বেও ইসরাইলি বাহিনী লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন