ইসরাইলের অবরোধ চ্যালেঞ্জের লক্ষ্যে লিবিয়ায় গাজাগামী কনভয়

ইসরাইলের অবরোধ চ্যালেঞ্জের লক্ষ্যে লিবিয়ায় গাজাগামী কনভয়

ইসরাইলের ত্রাণ অবরোধকে চ্যালেঞ্জ জানাতে লিবিয়ায় পৌঁছেছে গাজাগামী অ্যাক্টিভিস্টদের একটি দল। আলজেরিয়া থেকে গাড়ি নিয়ে তিউনিসিয়া পার হয়ে গাজা উপত্যকায় যাওয়ার লক্ষ্যে কয়েকশ কর্মী নিয়ে একটি কনভয় লিবিয়ায় পৌঁছেছে।

বিজ্ঞাপন

টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানায়, এই কনভয়ে কমপক্ষে এক হাজার ৫শ জন লোক রয়েছেন। তাদের মধ্যে আলজেরিয়া এবং তিউনিসিয়া থেকে যোগ দিয়েছেন ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্টরা। লিবিয়া থেকে আরো অনেকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

দলটি লিবিয়ার জাবিয়া শহরে পৌঁছেছে। গাড়িতে করে মিশরের রাফাহ ক্রসিং হয়ে গাজা পৌঁছানোর পরিকল্পনা করছেন তারা। লিবিয়ার ত্রিপোলি, মিসরাতা এবং বেনগাজি শহর পার হয়ে মিশরের সীমান্তবর্তী সালুম ক্রসিংয়ে যাবেন। এরপর কায়রো হয়ে রাফাহ ক্রসিংয়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

অ্যাক্টিভিস্টরা বলছেন, তাদের লক্ষ্য ক্রসিং পুনরায় চালু করা এবং গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ পুরোপুরি চালু করতে চাপ দেওয়া। কনভয়ের আয়োজক তেরকিয়া শায়িবি জানান, তাদের বিরুদ্ধে সহিংস প্রতিক্রিয়ায় তারা মোটেও ভীত নন।

আড়াই মাসের সর্বাত্মক অবরোধের পর গত মে মাসে কিছু ত্রাণ সরবরাহের অনুমো্দন দিয়েছে ইসরাইল। তবে মানবাধিকার কর্মীরা সতর্ক করে বলছেন, অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার না করা হলে এবং ইসরায়েল তার সামরিক আক্রমণ বন্ধ না করলে গাজা উপত্যকায় দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন