রাশিয়ার বিরুদ্ধে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। পূর্ব সাইবেরিয়ার বিমানঘাঁটিতে এ হামলা চালিয়েছে কিয়েভ। ইর্কুতস্ক অঞ্চলের রুশ গভর্নর হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ইউক্রেনের রিমোট-চালিত বিমান (ড্রোন) স্রিদনি গ্রামে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। রোববার এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
এদিকে ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ রাশিয়ার ৪০টিরও বেশি বিমানে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন এসবিইউ-র এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, রুশ টিইউ-৯৫ এবং টিইউ-২২ স্ট্র্যাটেজিক বোম্বার্সসহ অন্যান্য বিমান ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এই যুদ্ধবিমানগুলো দিয়ে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন জায়গায় প্রায়ই দূরপাল্লার মিসাইল ছুড়ে।
রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের ওই গোয়েন্দা কর্মকর্তার দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে তারা যাচাই করতে পারেনি।
জানা গেছে, রাশিয়ার সাইবেরিয়া প্রদেশের একটি বিমানঘাঁটিতে এ হামলা চালিয়েছে ইউক্রেন। এটি রাশিয়ার ভূখণ্ডের সবচেয়ে গভীরে ইউক্রেনের হামলার ঘটনা।
এরআগে রোববার সকালে ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়ে সাতজন নিহত হন। এর কয়েক ঘণ্টা পরই রুশ বিমানঘাঁটি এবং যুদ্ধবিমান লক্ষ্য করে ইউক্রেনের হামলার ঘটনা ঘটল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

