ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আধুনিকায়নে ইসরাইল-ভারত চুক্তি

ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আধুনিকায়নে ইসরাইল-ভারত চুক্তি
ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আধুনিকায়নে ইসরাইলের সঙ্গে ভারতের চুক্তি। ছবি: সংগৃহীত

ভারতের নৌবাহিনীর বারাক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আধুনিকায়ন ও পুরোনো যন্ত্রাংশ প্রতিস্থাপনের লক্ষ্যে ইসরাইলের সঙ্গে এক হাজার ৯৭৬ কোটি ৪০ লাখ রুপির চুক্তি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত ১৮ নভেম্বর নয়াদিল্লিতে ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সঙ্গে এ চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং।

বিজ্ঞাপন

‘আদার ক্যাপিটাল প্রকিউরমেন্ট প্রসিডিউর’-এর আওতায় করা এ চুক্তির মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে থাকা বারাক পয়েন্ট ডিফেন্স মিসাইল সিস্টেমের হার্ডওয়্যার ও সফটওয়্যারের ব্যাপক আধুনিকায়ন করা হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ উদ্যোগের ফলে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটিতে উন্নত প্রযুক্তি ও সক্ষমতা যুক্ত হবে। পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলোর আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কার্যকারিতা ও সক্ষমতা বাড়বে।

পুরোনো প্রযুক্তি ও যন্ত্রাংশের কারণে সৃষ্ট সীমাবদ্ধতা দূর করার পাশাপাশি নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর প্রতিরক্ষাসক্ষমতা আরো জোরদার করাই এ আধুনিকায়ন কর্মসূচির মূল লক্ষ্য।

সূত্র: দ্য টেলিগ্রাফ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...