সরকারের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

ইরান যুদ্ধে ৪২ বিমান হারিয়েছে মার্কিন বাহিনী

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধে ৪২ বিমান হারিয়েছে মার্কিন বাহিনী

একটি সাম্প্রতিক কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) রিপোর্টের বরাতে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতে অন্তত ৪২টি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধবিমান, ড্রোন এবং বিভিন্ন সহায়ক সামরিক উড়োজাহাজ।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত বা হারানো বিমানগুলোর মধ্যে রয়েছে চারটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, একটি এফ-৩৫এ লাইটনিং টু, একটি এ-১০ থান্ডারবোল্ট টু, সাতটি কে-সি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার রিফুয়েলিং বিমান, একটি ই-৩ সেন্ট্রি (এডব্লিউএসি‌এস), দুটি এমসি-১৩০জে কমান্ডো টু, একটি এইচএইচ-৬০ডব্লিউ জলি গ্রিন টু হেলিকপ্টার, ২৪টি এমকিউ-৯ রীপার ড্রোন এবং একটি এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন।

পেন্টাগন এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিআরএস জানিয়েছে, তারা বিভিন্ন সংবাদ প্রতিবেদন ও মার্কিন প্রতিরক্ষা দপ্তর এবং সেন্টকমের বিবৃতি বিশ্লেষণ করে এই তালিকা প্রস্তুত করেছে।

অন্যদিকে, পেন্টাগনের অর্থ দপ্তরের শীর্ষ কর্মকর্তা জুলস হার্স্ট থার্ড জানিয়েছেন, ইরানবিরোধী সামরিক অভিযানের খরচ ইতোমধ্যে প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তার মতে, এই ব্যয়ের বড় অংশ এসেছে সামরিক সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপনের আপডেটেড অনুমানের কারণে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সিআরএসের এই রিপোর্ট শেয়ার করে দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের ফলে ইরান গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করেছে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, ভবিষ্যতে আবারও সংঘাত হলে ইরান “আরও বিস্ময়কর প্রতিরোধ” দেখাবে।

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখন পর্যন্ত এই ক্ষয়ক্ষতি বা সামগ্রিক যুদ্ধ-সংক্রান্ত কোনো পূর্ণাঙ্গ সরকারি মূল্যায়ন প্রকাশ করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন