গাজায় ২৪ ঘণ্টায় আরো ৭০ ফিলিস্তিনি নিহত

গাজায় ২৪ ঘণ্টায় আরো ৭০ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে দখলদার ইসরাইলি বাহিনীর একাধিক হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কেন্দ্রীয় বুরেইজ শরণার্থী শিবিরে চালানো ভয়াবহ হামলায় প্রায় দুই ডজনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, বুরেইজে হামলায় হতাহতদের আল-আওদা হাসপাতাল ও আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে চরম চাপের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, গাজার উত্তরের জাবালিয়ায় একটি কিন্ডারগার্টেন এবং আজ্জাম পরিবারের বাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

আল জাজিরার দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার আরও একটি বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে গাজার কেন্দ্রস্থলে নেটজারিম করিডোরে, যেখানে যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ এর নতুন একটি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছিল। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৫৪ হাজার ২৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া এক লাখ ২৩ হাজার ৪৯২ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন