মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়া থেকে জ্বালানি কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়ার একটি বিল মার্কিন কংগ্রেসে পাস হয়েছে। সিনেটে অনুমোদনের পর ২৬২-১৫৯ ভোটে বিলটি প্রতিনিধি পরিষদেও পাস হয়। বিলটি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের এই বিলে রাশিয়ার কর্মকর্তা, জ্বালানি খাত এবং তেল পরিবহনে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’-এর ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি মস্কোর জ্বালানি কেনা দেশগুলোর ওপর কঠোর শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে।
বিলের একটি সংশোধনীতে ভারত, চীন, সংযুক্ত আরব আমিরাত, তুরস্কসহ ১০টি দেশের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে ভারতীয় পণ্যে তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক বসছে। বিলটি আইনে পরিণত হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ওই ক্ষমতা প্রয়োগ করলে তবেই এমন শুল্ক আরোপ হতে পারে।
রাশিয়ার কাছ থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি সাম্প্রতিক সময়ে বেড়েছে। ফলে নতুন মার্কিন শুল্কের সম্ভাবনা ভারতের অর্থনীতি ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। অর্থনীতিবিদ অদিতি নায়ারের মতে, যুক্তরাষ্ট্রের উচ্চতর শুল্ক ও সংশ্লিষ্ট অনিশ্চয়তা ভারতের প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এর আগে রুশ তেল কেনার কারণে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হয়েছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সেই অতিরিক্ত শুল্ক প্রত্যাহার এবং ভারতীয় পণ্যের ওপর পারস্পরিক শুল্ক ১৮ শতাংশে নামানো হয়েছে।
নতুন আইনের ক্ষমতা প্রয়োগ করা হলে ভারতের ওপর মার্কিন শুল্কের চাপ আরো বাড়তে পারে। তবে চূড়ান্ত প্রভাব নির্ভর করবে বিলটি আইনে পরিণত হয় কি না এবং প্রেসিডেন্ট ট্রাম্প এতে দেওয়া ক্ষমতা বাস্তবে ব্যবহার করেন কি না—তার ওপর।
সূত্র: এনডিটিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


