দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির বেড়ে ৫ হাজার ৬৯ জনে পৌঁছেছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।
শুক্রবার দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ এই তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
বাড়িঘর হারিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে ইতোমধ্যে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। গৃহহীনদের আশ্রয়ের জন্য ১০৬টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে, যেখানে বর্তমানে ২১ হাজার ২৩৫ জন মানুষ অবস্থান করছেন। তবে এখনো ১৭ হাজার ৯০৭ জন মানুষ স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।
গত ২৪ জুন ভেনেজুয়েলায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।
ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গত এলাকায় উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এখনো চলমান রয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে কাজ করে যাচ্ছে সরকার।
সূত্র: আনাদলু এজেন্সি
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


