পাকিস্তান কখনো সন্ত্রাসবাদ সমর্থন করে না: বিলাওয়াল

পাকিস্তান কখনো সন্ত্রাসবাদ সমর্থন করে না: বিলাওয়াল

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, কোন সন্ত্রাসী গোষ্ঠীকে অন্যদেশে হামলা চালানোর জন্য পৃষ্ঠপোষকতা দেয় না তার দেশ। পাকিস্তান সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেয়, ভারতের এমন দাবি প্রত্যাখ্যান করেন তিনি। খবর জিও নিউজের।

ভারতীয় সাংবাদিক করণ থাপারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, ‘কোন সন্ত্রাসী গোষ্ঠীকে পাকিস্তানের বাইরে, এমনকি দেশের ভেতরেও সন্ত্রাসী হামলা চালানোর অনুমতি দেয় না ইসলামাবাদ।’

বিজ্ঞাপন

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তার নিজ দেশের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে পিপিপি প্রধান বলেন, বিশ্ব জানে পাকিস্তান গত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ধাক্কার মুখোমুখি হয়েছে।

বিলাওয়াল আরো বলেন, ‘শুধু এই বছর (২০২৫ সাল) যে হারে সন্ত্রাসী হামলা হচ্ছে, যদি এই গতিতে চলতে থাকে, তাহলে এই বছরটি পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত বছর হবে।’

তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বিলাওয়াল বলেন, ‘আমিও সন্ত্রাসবাদের শিকার। আমি পেহেলগাম সন্ত্রাসী হামলায় হতাতদের কষ্ট অনুভব করতে পারি। আমি তাদের পরিবার যে মানসিক যন্ত্রণার সম্মুখীন হচ্ছে তা এমনভাবে বুঝতে পারি যা অন্য অনেকে কল্পনাও করতে পারবে না।’

এসময় সন্ত্রাসী হামলার হুমকি মূলোৎপাটনের জন্য পাকিস্তানের চলমান লড়াইয়ের কথা বর্ণনা করেন তিনি। বিলাওয়াল জানান, যেসব সন্ত্রাসী গোষ্ঠী সম্পর্কে ভারতের উদ্বেগ রয়েছে, তার বিরুদ্ধে এরইরমধ্যে একটি জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের পদক্ষেপ সম্পর্কে খুব ভালোভাবে অবগত এবং সমর্থন জানিয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন