হরমুজ প্রণালিকে শিগগিরই ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘টুইট বা বিমানবাহী রণতরি দিয়ে, আদেশ জারি করে বা নির্বাচনি ভাষণ দিয়ে হরমুজ প্রণালি দখল করা যায় না। ইরান হুমকিতে ভীত হয় না, শক্তি প্রদর্শনেও দমে যায় না।’
এই প্রণালিতে যুক্তরাষ্ট্র তার নিজের ইচ্ছাকে চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গারিবাবাদি বলেন, এই জলপথ ‘শুধু ইরানের নির্দেশেই খোলা ও বন্ধ করা হবে’।
তিনি আরো বলেন, ‘যতক্ষণ আপনারা আপনাদের পরাজয়ের বাস্তবতা স্বীকার করতে অস্বীকার করবেন এবং বিভ্রমে ডুবে থাকবেন, ততক্ষণ ইরান এই অবরোধ বজায় রাখবে।’
শুক্রবার নিউইয়র্কের লং আইল্যান্ডে একটি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, খুব শিগগিরই তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করবেন।
বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে সাধারণত বিশ্বের সমুদ্রপথে পরিবহন করা তেলের প্রায় এক-পঞ্চমাংশ যায়।
তার দাবি, যুক্তরাষ্ট্র সেখানে অবরোধ চালু রেখেছে। তাই যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালিটি দিয়ে চলাচল করতে পারছে না। তবে এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প তার প্রশাসনের নতুন কোনো নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
প্রেস টিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


