সৌদি সামরিক স্থাপনায় হামলার দাবি হুথিদের

সৌদি সামরিক স্থাপনায় হামলার দাবি হুথিদের
ছবি: সংগৃহীত

ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছেন হুথি বিদ্রোহীরা। তারা জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলে অবস্থিত সামরিক স্থাপনায় কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, আল-তুওয়াল এলাকায় সামরিক অভিযান চালিয়ে সেখানে থাকা অপারেশন রুম, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, অস্ত্রের গুদামসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরো দাবি করেন, আল-দাঘারির ক্যাম্পে থাকা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল এবং জাজান অঞ্চলের কয়েকটি সৌদি সামরিক ক্যাম্পেও হামলা চালানো হয়েছে।

সারি দাবি করেন, এসব হামলা ছিল ‘সুনির্দিষ্ট ও সরাসরি’ এবং এতে সৌদি বাহিনীর পাশাপাশি ইয়েমেনি ও সুদানি সদস্যসহ শত শত মানুষ হতাহত হয়েছেন। তিনি আরো বলেন, সৌদি বাহিনীর কয়েকটি অস্ত্রের গুদাম ধ্বংস হয়েছে অথবা আগুনে পুড়ে গেছে।

এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, হুথি বিদ্রোহীদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এর মাধ্যমে সৌদি আরবের তাইফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে চালানো হামলার চেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আল-মালিকি সতর্ক করে বলেন, ‘হুথিদের উসকানি ও লঙ্ঘন কঠোরভাবে মোকাবিলা করা হবে।’

তবে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, মক্কা, তাইফ ও দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে হামলার আশঙ্কা কেটে গেছে। এর আগে এসব এলাকার পাশাপাশি জেদ্দা ও ইয়ানবুতেও জরুরি সতর্কতা জারি করা হয়েছিল।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন