রাশিয়াকে শান্তি আলোচনার প্রস্তাব জেলেনস্কির

রাশিয়াকে শান্তি আলোচনার প্রস্তাব জেলেনস্কির

আরেক দফা শান্তি আলোচনার জন্য রাশিয়ার কাছে প্রস্তাব পাঠিয়েছে ইউক্রেন। শনিবার আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ আগামী সপ্তাহে রাশিয়ার আলোচকদের সাথে বৈঠকের প্রস্তাব দিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আগামী সপ্তাহে আরেক দফা শান্তি আলোচনার জন্য আমরা মস্কোর কাছে প্রস্তাব পাঠিয়েছি। আমরা যুদ্ধবিরতির আলোচনাকে দ্রুত এগিয়ে নিতে চাই।’ গতকাল শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ভাষণে তিনি বলেন, ‘যুদ্ধবিরতি অর্জনের জন্য সবকিছু করা উচিত। রাশিয়াকে সিদ্ধান্ত গ্রহণ এড়িয়ে চলা বন্ধ করতে হবে।’

এসময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মুখোমুখি বৈঠকের জন্য তার প্রস্তুতি কথাও পুনর্ব্যক্ত করেন জেলেনস্কি। বলেন, ‘স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য নেতৃত্ব পর্যায়ে একটি বৈঠক প্রয়োজন।’

রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী উমেরভকে গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ইউক্রেন। তাকে আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

এই বছরের শুরুতে তুরস্কে আগের দুই দফা আলোচনায় তিনি তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন। যা বন্দী এবং সেনাদের মরদেহ বিনিময়ের চুক্তি ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি।

ইউক্রেনের পূর্ব দিকের দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী টানা হামলা চালিয়ে যাচ্ছে। মস্কো বারবার বলছে, তারা নতুন করে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। কিন্তু কিয়েভ ও তার মিত্রদের অভিযোগ, রাশিয়া এখনো যুদ্ধ থামাতে প্রস্তুত নয়; বরং যুদ্ধে নিজের ‘সর্বোচ্চ লক্ষ্য’ অর্জনের জন্য তারা মরিয়া হয়ে উঠেছে।

আগের আলোচনায় রাশিয়া এমন কঠোর শর্তের তালিকা তৈরি দিয়েছিলে যা ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য ছিল না। সেসময় ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার বলে দাবি করেছিল মস্কো।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়াকে একধরনের হুঁশিয়ারি দিয়েছেন। ইউক্রেনের শহরগুলোতে রুশ বিমান হামলা বাড়ায় চলতি মাসের শুরুতে ট্রাম্প বলেন, ৫০ দিনের মধ্যে শান্তিচুক্তিতে সম্মত না হলে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন