প্রথমবারের মতো ভারত সফরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট

প্রথমবারের মতো ভারত সফরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট

চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে ভারত গেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার সকালে স্ত্রী সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভূত উষা ভ্যান্স ও তিন সন্তানকে গিয়ে নয়াদিল্লিতে পৌঁছান তিনি। নয়াদিল্লির পালাম টেকনিক্যাল এলাকায় ভ্যান্সের বিমান অবতরণ করার পর তাকে স্বাগত জানান দেশটির কেন্দ্রীয় রেল এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পরে বিমানঘাঁটিতে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। সেই সঙ্গে ছিল লোক নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।

চার দিনের এই সরকারি সফরের প্রথম দিনে সোমবার স্থানীয় সময় সাড়ে ৬টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভ্যান্স। পরে মোদির সঙ্গে নৈশভোজে যোগ দেবেন তিনি। আমেরিকা ও চীনের মধ্যে শুল্ক নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

দিল্লি ছাড়াও জয়পুর ও আগ্রায় উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন ভ্যান্স। এই বৈঠকে ট্রাম্প প্রশাসনের অধীনে কৌশলগত এবং অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করার ওপর আলোকপাত করা হবে। এই সফরে ভ্যান্স সপরিবারে আগ্রা এবং জয়পুরের দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। এর আগে দিল্লিতে পৌঁছে অক্ষরধাম মন্দির পরিদর্শন করেন তারা।

বিশ্বব্যাপী ট্রাম্পের শুল্কের খড়গ বাণিজ্যযুদ্ধের শঙ্কাকে আসন্ন করে তুলে। তবে ৯ এপ্রিল ৯০ দিনের জন্য শুল্কারোপ স্থগিত করেন ট্রাম্প। তবে এর আগে ভারতের ওপর আরোপ করা হয় ২৭ শতাংশ শুল্ক। প্রস্তাবিত ওই দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। দুই দেশই চুক্তির বিষয়ে বেশ আশাবাদী।

ভারত এরই মধ্যে আমেরিকার কিছু পণ্য থেকে শুল্ক বাদ দিয়েছে। যাতে দুই দেশের আমদানি করা পণ্যের মধ্যে ভারসাম্য তৈরি হয়। এদিকে ট্রাম্প বরাবরই অভিযোগ করে আসছে ভারত আমেরিকার পণ্য থেকে শতভাগ শুল্ক আদায় করে থাকে। মোটকথা ভারত আমেরিকার পণ্যের ওপর গড়ে প্রায় ১২ শতাংশ শুল্ক আরোপ করেছে, যেখানে ওয়াশিংটন শুল্কারোপ করেছে মাত্র ২ শতাংশ। ভ্যান্সের এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে ভারত। কারণ, চলতি বছরের শেষের দিকে ‘কোয়াড সামিটে’ যোগ দিতে ভারত সফরে আসবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সামিটে যোগ দেবে অস্ট্রেলিয়া এবং জাপানও।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন