কাতারের রাজপরিবারের কাছ থেকে বিলাসবহুল একটি বিমান উপহার নিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপহারের এই বিমানটি ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান বহরে যুক্ত হবে। এবং এটি তিনি ব্যবহার করবেন।
স্থানীয় সময় রোববার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বোয়িং-৭৪৭-৮ বাণিজ্যিক বিমানটি ট্রাম্পকে উপহার দিচ্ছেন তারা। প্রেসিডেন্টও এই উপহার গ্রহণ করবেন। বিলাসবহুল এই বিমানটির মূল্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার বা ৪০ কোটি ডলার। আমেরিকা সরকারের ইতিহাসে এটিই সবচেয়ে ব্যয়বহুল উপহার হতে যাচ্ছে। প্রেসিডেন্টের মেয়াদ শেষে তিনি এই বিমানটিকে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দান করবেন।
রোববার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তিনি এই উপহারটি সানন্দে গ্রহণ করেছেন। তিনি আরো লিখেছেন, প্রতিরক্ষা বিভাগ ৪০ বছরের পুরোনো এয়ারফোর্স ওয়ানের স্থলে বিনামূল্যে বোয়িং-৭৪৭-৮ জাম্বো বিমান উপহার পাচ্ছে। আর এটি সাময়িকভাবে ব্যবহৃত হবে এয়ারফোর্স ওয়ানের পরিবর্তে। এই লেনদেন খুবই স্বচ্ছ এবং প্রকাশ্য। কিন্তু কুটিল ডেমোক্র্যাটরা এতে এতটাই বিরক্ত যে তারা প্রচার করছে এই বিমানের জন্য সরকারকে উচ্চমূল্য দিতে হবে।
কাতারের পক্ষ থেকে এ ধরনের দামি উপহার দেওয়াকে অনৈতিক এবং সম্ভব অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট এবং সরকার সমর্থক অনেকেই। রোববার এ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে এবিসি নিউজ। প্রতিবেদনে বিমানটিকে ‘উড়ন্ত প্রাসাদ’ বলে অভিহিত করা হয়।
দেশটির সিনেটের মেজরিটি লিডার চাক শুমার এক্স-এ লিখেছেন, এ বিষয়ে কিছুই বলার নেই। ‘আমেরিকা ফার্স্ট’ নীতির মাধ্যমে এয়ারফোর্স ওয়ান কাতারের কাছ থেকে যা উপহার নিচ্ছে তা শুধু ঘুসই নয়, তাদের বিদেশি প্রভাবের অধস্তন হওয়ার সুযোগ দেওয়া।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারালিনা লেভিট এক বিবৃতিতে বলেছেন, দেশের প্রচলিত আইন যথাযথভাবে মেনেই বিদেশি যেকোনো ধরনের উপহার গ্রহণ করা যাবে; এক্ষেত্রে ট্রাম্প প্রশাসনও তা মেনে চলছে। এদিকে, কাতারের একজন মুখপাত্র বলেছেন, এয়ারফোর্স ওয়ান হিসেবে অস্থায়ী ব্যবহারের জন্য উপহারের বিমানটি কবে নাগাদ হস্তান্তর করা হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।
এয়ারফোর্স ওয়ান হিসেবে দুটি নতুন বোয়িং-৭৪৭-৮ বিমান সরবরাহে দেরি হওয়ার জন্য হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডার পাম বিচে আন্তর্জাতিক বিমানবন্দরে তার এয়ারফোর্স ওয়ান মার-আ-লাগো রিসোর্টের কাছে পার্ক করে রাখা ছিল। সে সময় হোয়াইট হাউসের মুখপাত্র বলেছিলেন, প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান বিমানগুলো কীভাবে আরো আধুনিকায়ন করা হবে সে সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে এটি করেছিলেন। ট্রাম্প এই সপ্তাহে কাতার সফরে যাবেন। কিন্তু তার এই সফরেই উপহার দেওয়া বিমানটি তাকে দেওয়া হবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

