পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলার নিন্দা খ্রীস্টান ধর্মীয় নেতাদের

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলার নিন্দা খ্রীস্টান ধর্মীয় নেতাদের

সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অবৈধ ইহুদী বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা অনেক বেড়েছে। প্রতিদিনই স্থানীয় ফিলিস্তিনিদের বাড়ি-ঘরে হামলা চালাচ্ছে তারা। এ ধরনের সহিংসতার নিন্দা জানিয়েছেন শীর্ষস্থানীয় খ্রীস্টান ধর্মীয় নেতা ও কূটনীতিকরা।

সোমবার খ্রিস্টান অধ্যুষিত শহর তাইবেহ পরিদর্শন করেছেন খ্রীস্টানদের শীর্ষ ধর্মীয় নেতা এবং কূটনীতিকরা। তারা অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার পশ্চিম তীরের ওই গ্রাম পরিদর্শনকারীদের মধ্যে যুক্তরাজ্য, রাশিয়া, চীন, জাপান, জর্ডান এবং ইউরোপীয় ইউনিয়নসহ ২০টির বেশি দেশের প্রতিনিধি ছিলেন।

তাইবেহতে এক বক্তৃতায় গ্রীক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক থিওফিলস তৃতীয় এবং লাতিন প্যাট্রিয়ার্ক পিয়েরবাত্তিস্তা পিৎজাবাল্লা গির্জার কাছে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার নিন্দা জানান। ইহুদী বসতি স্থাপনকারীরা ওই আগুন দিয়েছিলো।

তারা অভিযোগ করেন, ফিলিস্তিনিদের জরুরি সাহায্যের জন্য আবেদনে সাড়া দিতে ব্যর্থ হয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

ধর্মীয় নেতারা আরো বলেন, বসতি স্থাপনকারীরা তাদের গবাদি পশু ফিলিস্তিনিদের জমিতে চরাতে নিয়ে আসে। গত মাসে ফিলিস্তিনিদের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। সেইসঙ্গে ‘এখানে তোমাদের কোন ভবিষ্যৎ নেই’ লেখা একটি সাইনবোর্ড লাগিয়ে দেয়।

আল জাজিরা নিদা ইব্রাহিম বলেন, গির্জার নেতারা এ হামলাকে স্থানীয় খ্রিস্টানদের বিরুদ্ধে ‘পরিকল্পিত আক্রমণ’ বলে অভিহিত করছেন।

তিনি জানান, অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ৫০ হাজার খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষ বাস করে। ইহুদী বসতি স্থাপনকারীরা প্রায়ই তাদের ওপর হামলা চালায়। তাদের অভিযোগ, খ্রীষ্টান হওয়ার কারণে নয়, বরং ফিলিস্তিনি হওয়ার জন্যই তারা হামলার শিকার হন।

বসতি স্থাপনকারীরা বেশিরভাগ সময়েই থাকে সশস্ত্র। আর ইসরাইলি সেনারা তাদের সুরক্ষা দেয়। এরা নিয়মিতভাবে ফিলিস্তিনিদের জমি এবং সম্পত্তির ওপর আক্রমণ, লুটপাট ও বাড়িঘরে আগুন দেয়।

অধিকৃত পশ্চিম তীরে ত্রিশ লাখের বেশি ফিলিস্তিনি বাস করেন। যাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে ইসরাইলি সরকার।

ইসরাইল এখন পর্যন্ত পশ্চিম তীর জুড়ে ১০০ টির বেশি অবৈধ বসতি নির্মাণ করেছে। যেখানে প্রায় ৫ লাখ বসতি স্থাপনকারী বাস করে। এরা মূলত ফিলিস্তিনি জমি অবৈধভাবে দখল করে বসতি স্থাপন করেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন