অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিভিন্ন আশ্রয়স্থলে বর্বর বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন।
ফিলিস্তিনি নিরীহ লোকজনকে লক্ষ্য করে ৩৪টি বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। উত্তর ও মধ্য গাজায় শুক্রবার ভোর থেকে কয়েক ঘণ্টা ধরে চালানো এই হামলায় ১৭ জন নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে কুদস নিউজ নেটওয়ার্ক এবং ফিলিস্তিনি তথ্য কেন্দ্র।
তথাকথিত ‘সেইফ জোন’ বা নিরাপত্তা অঞ্চল নামে পরিচিত এলাকাগুলো থেকে বাস্তুচ্যুতদের উচ্ছেদের লক্ষ্যেই এসব হামলা চালাচ্ছে তারা।
রাতভর নুসাইরাত শিবিরে মিশমিশ পরিবারের বাড়িতে চালানো হামলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয় এবং মধ্য গাজার দেইর আল-বালাহের পশ্চিমে সালমান পরিবারের বাড়িতে হামলায় কমপক্ষে চারজন নিহত হয়।
ফিলিস্তিনি মিডিয়া সেন্টার জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আজ-জাওয়াদিয়া এলাকায় নিজ বাড়িতে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় ওমর আল-দুরাওই নামে একজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে বুধবার থেকে চলমান হামলায় দুজন সাংবাদিক নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজা যুদ্ধে এ পর্যন্ত ২১৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।
এদিকে, ইসরাইলকে গাজার হাসপাতালগুলোতে হামলা চালানো বন্ধ করতে বলেছে জাতিসংঘ। এক বিবৃতিতে এই বিশ্ব সংস্থাটি গাজার চিকিৎসা ব্যবস্থাকে লক্ষ্য করে ইসরাইলি নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরের নাবালুসে একটি বাড়িতে হামলা চালিয়ে ২ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী।
এতসব মানবিক বিপর্যয়ের মুখে ধীরগতিতে চলছে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন আলোচনার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু নিজ দেশের প্রতিনিধিদের দোহায় আলোচনা চালানোর কথা বললেও সেই প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে চলছে।
এই কর্মকর্তা আরও বলেছেন, যাদের মুক্তি দেওয়া হবে, সেসব বন্দিকে হাতিলা এখনো হস্তান্তর করেনি হামাস। হামাস দাবি করেছে, তারা সব বন্দির কাছে পৌঁছাতে পারবে না এবং যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও তালিকা সরবরাহ করতে বেশ কয়েক দিন সময় লাগবে। তবে হামাসের এ দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিযোগ করেছে ইসরাইল।
যুদ্ধবিরতি আলোচনা বারবার ভেস্তে যাওয়ায় গাজা যুদ্ধ এরই মধ্যে ১৫তম মাসে প্রবেশ করেছে।
গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়ার হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইল। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আবু সাফিয়াকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
যদিও হামাসের সঙ্গে আবু সাফিয়ার জড়িত থাকার কোনো প্রমাণ দেয়নি ইসরাইলি কর্তৃপক্ষ। এর আগে আবু সাফিয়ার অবস্থান প্রকাশ করতে ইসরাইলের কাছে জরুরি অনুরোধ জানিয়েছিল দ্য ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরাইল (পিএইচআরআই)। এছাড়া জাতিসংঘসহ বিভিন্ন দেশ আবু সাফিয়াকে আটকের নিন্দা জানায়।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধে এ পর্যন্ত ৪৫ হাজার ৫৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নিরীহ শিশু ও নারী। এছাড়া এই যুদ্ধে আহত হয়েছে আরও ১ লাখ ৮ হাজার ৪৩৮ জন ফিলিস্তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

