যুক্তরাজ্য তাদের বিমান নিরাপত্তা তালিকা থেকে পাকিস্তানের নাম বাদ দিয়েছে। যার ফলে পাকিস্তানি বিমান সংস্থাগুলোর জন্য যুক্তরাজ্যে ফ্লাইট পরিচালনার করতে আবেদন করার পথ পরিষ্কার হলো। বুধবার যুক্তরাজ্যের বিমান নিরাপত্তা কমিটি এ ঘোষণা দেয়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
যদিও পাকিস্তানি বিমান সংস্থাগুলো এখন যুক্তরাজ্যে ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করতে পারবে, তারপরও প্রতিটি বিমান সংস্থাকে পৃথক আবেদন প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।
যুক্তরাজ্যের বিমান নিরাপত্তা কমিটি এবং পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (পিসিএএ)-এর মধ্যে বছরের পর বছর ধরে কারিগরি সহযোগিতার পর এই পদক্ষেপ নেওয়া হলো। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ২০২১ সালে পাকিস্তানকে প্রথম তালিকাভুক্ত করে যুক্তরাজ্য।
এই সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্যে বসবাসকারী ১ দশমিক ৬ মিলিয়নের বেশি পাকিস্তানি বংশোদ্ভূত মানুষ এবং পাকিস্তানে বসবাসকারী হাজার হাজার ব্রিটিশ নাগরিকের ভ্রমণ সহজ হবে বলে আশা করা হচ্ছে। এটি দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতেও সহায়তা করতে পারে।
একটি স্বাধীন নিরাপত্তা পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাজ্যের বিমান নিরাপত্তা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্য বলছে, পাকিস্তান আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণ করেছে।
পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার জেন ম্যারিয়ট বলেন, ‘আন্তর্জাতিক নিরাপত্তা মান পুরণে যুক্তরাজ্য এবং পাকিস্তানের বিমান বিশেষজ্ঞদের সহযোগিতামূলক কাজের জন্য আমি কৃতজ্ঞ।’
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


