ইরানে দীর্ঘস্থায়ী যুদ্ধের সম্ভাবনা নিয়ে যা বললেন ভ্যান্স

ইরানে দীর্ঘস্থায়ী যুদ্ধের সম্ভাবনা নিয়ে যা বললেন ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি

ইরানে দীর্ঘস্থায়ী বা অনির্দিষ্টকালের যুদ্ধের সম্ভাবনা নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্ধারিত লক্ষ্য অর্জন করবেন বলে তিনি আত্মবিশ্বাসী।

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘এখনো অনেক কাজ বাকি রয়েছে। তবে যারা আরেকটি অন্তহীন যুদ্ধের আশঙ্কা করছেন, তাদের বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প কখনোই এই যুদ্ধকে দীর্ঘস্থায়ী হতে দেবেন না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, বিদেশে সামরিক অভিযানের সমালোচনা করা এবং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি কখনোই ব্যবহার করা যাবে না—এমন অবস্থান নেওয়া এক বিষয় নয়; দুটির মধ্যে পার্থক্য রয়েছে।

ভ্যান্স আরও বলেন, ‘তিনি (ট্রাম্প) লক্ষ্য অর্জন করবেন। এরপর আমরা আমাদের অন্যান্য কাজের দিকে মনোযোগ দেব।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাত শুরুর পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ওই হামলার জবাবে ইরান ইসরাইল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

এর আগে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় এবং পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে মতপার্থক্যের কারণে শেষ পর্যন্ত আলোচনা ভেস্তে যায়।

বিশ্বের জ্বালানি ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে বিরোধ দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন