ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন, পাকিস্তান যদি কোনো বিদেশি শক্তির হামলার শিকার হয়, তাহলে তার বদলা হিসেবে ভারতের ওপর হামলা চালানো হবে। পাকিস্তানের সাবেক হাইকমিশনারের ওই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
কাল্পনিক এক যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার সময় আব্দুল বাসিত বলেন, ‘‘যদি আমেরিকা পাকিস্তানে আক্রমণ চালায়, তাহলে আমাদের দ্বিতীয় কোনো চিন্তা ছাড়াই ভারতের মুম্বাই এবং নয়াদিল্লিতে হামলা করতে হবে। আমরা এটি ছাড়বো না। পরে যা হওয়ার হবে দেখা যাবে।’’
তবে এই মন্তব্যকে একেবারে ‘চরম পরিস্থিতির’ এক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন তিনি। ভারতের প্রধান শহরগুলোতে সরাসরি হামলার কথা বলায় দেশটির নাগরিকদের মাঝে পাকিস্তানের সাবেক হাইকমিশনারের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে।
বারবার ওই পরিস্থিতিকে ‘অসম্ভব’ এবং ‘বাস্তবতাবিবর্জিত’ বলে বর্ণনা করলেও নিজের যুক্তিতে অটল ছিলেন আব্দুল বাসিত থাকেন। তিনি বলেন, যদি কেউ আমাদের দিকে বাঁকা চোখে তাকায়, তাহলে পাকিস্তানের সামনে ভারতের যেখানে ইচ্ছা সেখানে আক্রমণ করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। আমরা এমনটা চাই না, ভারতও চায় না।
বিশেষ করে মুম্বাই এবং নয়াদিল্লির নাম উল্লেখ করায় তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে বলছে, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত নয়াদিল্লিতে পাকিস্তানের শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল বাসিত। ওই সময় দুই দেশের সম্পর্কের এক জটিল অধ্যায়ের শুরু হয়েছিল। সাবেক হাইকমিশনার হিসেবে তার ওই মন্তব্য বাড়তি গুরুত্ব পাচ্ছে।
পাকিস্তানের সঙ্গে প্রতিবেশি দেশগুলোর চলমান উত্তেজনাকর সম্পর্কের মাঝে ওই মন্তব্য করেছেন দেশটির সাবেক এই হাইকমিশনার। বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বিরোধ এখন তুঙ্গে।
আফগান কর্তৃপক্ষ অভিযোগ করে বলেছে, পাকিস্তানি বাহিনী কাবুল, কান্দাহার এবং পাকতিকার মতো এলাকায় সম্প্রতি বিমান হামলা চালিয়েছে। তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, একটি পুনর্বাসন কেন্দ্রসহ বেসামরিক এলাকায় এসব হামলা চালানো হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

