পাকিস্তান সরকারের সঙ্গে চলমান আলোচনায় নিজের মুক্তির জন্য কোনো ধরনের অনুরোধ করবেন না দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ- পিটিআই নেতারা।
রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ডন।
পিটিআই নেতারা বলছেন, সরকার জনমনে এমন একটি ধারণা তৈরি চেষ্টা করছে যে, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান আলোচনার আড়ালে নিজের মুক্তির বন্দোবস্ত করছেন। খাইবার পাখতুনখোয়া হাউসে এক সংবাদ সম্মেলনে সিনেটর শিবলি ফারাজ, জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব এবং আসাদ কায়সার সরকারকে অভিযোগ করে এমন ধারণা নাকচ করে দিয়েছেন।
শিবলী ফারাজ বলেন, পিটিআই একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আইন ও সংবিধানের অধীনে নিজেদের সংগ্রাম অব্যাহত রাখবে। সরকারের আলোচনার ফলাফল জানতে ৩১ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবে পিটিআই।
সরকারি জোট ও পিটিআই অবশেষে এই সপ্তাহের শুরুর দিকে রাজনৈতিক উত্তেজনা নিরসনের জন্য আলোচনায় বসে। সরকার এবং পিটিআইয়ের গঠিত আলোচনাকারী কমিটি সৌহার্দমূলক পরিবেশে বৈঠকটি পরিচালনা করেন এবং আলোচনা প্রক্রিয়া অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
দুই পক্ষের বৈঠক পরিচালনা করেছিলেন জাতীয় সংসদের স্পিকার আইয়াজ সাদিক। পরবর্তী বৈঠক ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং পিটিআই দলের পক্ষ থেকে তাদের দাবিগুলো উপস্থাপন করা হবে।
এদিকে, ২০২১ সালে পিটিআই সরকারের নিষিদ্ধ টিটিপির সঙ্গে আলোচনা করা নিয়ে গত শুক্রবার পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র সরকারের তীব্র সমালোচনা করে।
এর পাল্টা জবাবে পাকিস্তানের সাবেক শাসক দল পিটিআই দাবি করেছে, তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান টিটিপির সঙ্গে পাকিস্তানের আলোচনার প্রস্তাব করেছিলেন।
পিটিআই নেতা আইয়ুব বলেছেন, ২০২১ সালের ৮ নভেম্বর, প্রধানমন্ত্রী থাকালীন ইমরান খান সব সরকারি ও বিরোধী আইন প্রণেতাদের জেনারেল বাজওয়া, তৎকালীন ডিজি আইএসআই ফয়েজ হামিদ এবং আইএসপিআর ডিজি বাবর ইফতিখার আস্থাভাজন করেছিলেন।
জেনারেল বাজওয়া, তৎকালীন বিরোধী সদস্যদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, প্রতিটি সংঘাত শেষ হবে আলোচনার মাধ্যমে। আর এখানে টিটিপির সঙ্গেও আলোচনা করা হবে।
পিটিআই নেতার মতে, তৎকালীন বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফ, ইউসুফ রাজা গিলানি, বিলাওয়াল ভুট্টো-জারদারি, খাজা আসিফ, নাভিদ কামার, আহসান ইকবাল এবং অন্যরাও উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন।
৯ মে এবং ২৬ নভেম্বরের সহিংসতার বিষয়ে পিটিআই নেতা এই ঘটনাগুলো তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

