জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে মো. দলা মিয়া (২৮) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পাখিমারা এলাকায় এক যুবক মাদক সেবন করছেন বলে খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দলা মিয়া বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা এলাকার মৃত আবুলের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পাখিমারা এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জেল ও জরিমানা করা হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-bbd0bb-720x405.webp)