সমস্ত প্রশংসা আল্লাহর, বললেন ট্রাম্প

সমস্ত প্রশংসা আল্লাহর, বললেন ট্রাম্প

হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ বজায় রাখার দাবিতে আবারও জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানের সঙ্গে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে এই বিবৃতি দেন। এর আগে সাংবাদিকদের কাছে তিনি একই ধরনের দাবির পুনর্ব্যক্ত করেন।

ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমি মনে করি, আমরা এটি ধরে রাখব!’

তিনি আরও দাবি করেন যে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধকে সবাই ‘ইস্পাতের প্রাচীর’ বলছে, এবং এ বিষয়ে ইরানের কিছুই করার নেই।

ট্রাম্প বলেন, ‘ইরান শুধু কথা বলে, কাজ করে না; মধ্যপ্রাচ্যের উৎপীড়ক আর নয়।” তিনি তার বার্তাটি শেষ করেন এই বলে, ‘সমস্ত প্রশংসা আল্লাহর!’

বিবৃতি সত্ত্বেও, ইরান প্রণালীটির উপর তার প্রভাব বিস্তার অব্যাহত রেখেছে এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরান-ওমান আলোচনার কারণে যুক্তরাষ্ট্রের সাথে বৃহত্তর শান্তি আলোচনা মূলত স্থগিত রয়েছে, কারণ এই আলোচনায় ওয়াশিংটন অন্তর্ভুক্ত নয়।

ইরান বলেছে, মার্কিন নৌ অবরোধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাদের সম্পদ অবমুক্ত না হওয়া পর্যন্ত তারা প্রণালীটিতে পূর্ণ যান চলাচলের অনুমতি দেবে না।

রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে যে, মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র আটটি জাহাজ চলাচল করেছে, যা যুদ্ধ-পূর্ববর্তী ১৩০ থেকে ১৪০টি জাহাজের হারের চেয়ে অনেক কম। বাণিজ্য বিশ্লেষণ প্ল্যাটফর্ম কেপলারের তথ্য অনুযায়ী, এটি গত দশ দিনের গড় প্রায় ১২টি জাহাজের চেয়েও কম ছিল।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন