টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে ও ব্লাড গিফট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসান লেনের অথেনটিক স্কুলের সামনে আয়োজিত এ কর্মসূচিতে দত্তপাড়া, হাসান লেনসহ আশপাশের এলাকার প্রায় ৫ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আয়োজকরা জানান, মানুষের মধ্যে রক্তদানে উৎসাহ সৃষ্টি এবং জরুরি প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য একটি কার্যকর রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সামাজিক সহাবস্থানের পরিবেশ আরও সুদৃঢ় করাও এ উদ্যোগের লক্ষ্য।

সকাল থেকেই স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ কর্মসূচিতে অংশ নিতে আসেন। স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আগতদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একই সঙ্গে রক্তদানের প্রয়োজনীয়তা ও মানবিক দিক তুলে ধরে মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা হয়।

আন্-নূর জামে মসজিদ-মাদ্রাসা আবু রাফে কমপ্লেক্সের খতিব ও পরিচালক শায়খ আলী হাসান তৈয়বের দিকনির্দেশনায় যুব মুসল্লিরা এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেন।

আয়োজকদের অন্যতম মিলন খান, মো. জীবন ও আরাফাত বলেন, মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার পাশাপাশি সমাজে মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে তারা কাজ করবেন।

তারা আরও জানান, জরুরি প্রয়োজনে রক্তের চাহিদা পূরণে স্থানীয় পর্যায়ে একটি শক্তিশালী রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। রক্তের গ্রুপ জানা থাকলে প্রয়োজনের সময় দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়া সহজ হয়। এ কারণে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

উল্লেখ্য, দত্তপাড়ার যুব মুসল্লিদের উদ্যোগে এর আগেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। এর মধ্যে পুরো এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মশা ও এডিস মশা নিধন অভিযানসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম উল্লেখযোগ্য।

আয়োজকরা বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকে পরিচালিত এসব কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন