ট্রাম্পের যুগে আমেরিকার ভাবমূর্তি রাশিয়ার চেয়েও খারাপ: জরিপ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ট্রাম্পের যুগে আমেরিকার ভাবমূর্তি রাশিয়ার চেয়েও খারাপ: জরিপ
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে বৈশ্বিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি টানা দ্বিতীয় বছরের মতো অবনতি হয়েছে। এমনকি বর্তমানে দেশটির প্রতি দৃষ্টিভঙ্গি রাশিয়ার চেয়েও নেতিবাচক।

শুক্রবার প্রকাশিত এক আন্তর্জাতিক জরিপে এমন তথ্য উঠে এসেছে । গণতন্ত্রবিষয়ক এই বার্ষিক জরিপটি প্রকাশ করেছে ডেনমার্কভিত্তিক অ্যালায়েন্স অব ডেমোক্রেসি ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

সংস্থাটির মতে, কোন দেশকে বিশ্বের সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হয়-এমন প্রশ্নের উত্তরে রাশিয়া ও ইসরাইলের পর সবচেয়ে বেশি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নাম। যদিও এই মানদণ্ডের বিস্তারিত ব্যাখ্যা সমীক্ষায় দেওয়া হয়নি।

তবে সংস্থাটি জানায়, তাদের মূল লক্ষ্য গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও প্রচার করা।

ন্যাটো জোটের সাবেক মহাসচিব এবং অ্যালায়েন্স অব ডেমোক্রেসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যান্ডারস ফগ রাসমুসেন বলেন, ‘বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির এই দ্রুত পতন দুঃখজনক হলেও বিস্ময়কর নয়।’

তিনি বলেন, গত ১৮ মাসে মার্কিন পররাষ্ট্রনীতি আটলান্টিক মহাসাগরের দুই তীরের সম্পর্কের ওপর প্রশ্ন তুলেছে, ব্যাপক হারে শুল্ক আরোপ করেছে এবং এমনকি নেটোর এক মিত্র দেশের ভূখণ্ড দখলের হুমকিও দিয়েছে।

সমীক্ষায় দেখা গেছে, ট্রাম্পের ঢালাও শুল্ক আরোপ, ডেনমার্কের অংশ এবং নেটো সদস্য গ্রিনল্যান্ড দখলের বারবার হুমকি, ইউক্রেনে মার্কিন সহায়তা কমিয়ে দেওয়া এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ ও এর ফলে তেলের দাম বৃদ্ধি, ট্রান্স-আটলান্টিক সম্পর্ককে গভীরভাবে অস্থির করে তুলেছে।

এছাড়া ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু হওয়ার পর হরমুজ প্রণালি উন্মুক্ত করতে ইউরোপীয় দেশগুলো নৌবাহিনী পাঠাতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ট্রাম্প গত এপ্রিলে নেটো থেকে প্রত্যাহারের হুমকি দেন। এটি এই সামরিক জোটকে আরও দুর্বল করে দিয়েছে।

জরিপে বলা হয়, গত দুই বছরে যুক্তরাষ্ট্র সম্পর্কে বৈশ্বিক ইতিবাচক ধারণা নাটকীয়ভাবে কমেছে। ডেমোক্রেসি পারসেপশন ইনডেক্সে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা দুই বছর আগের প্লাস ২২ শতাংশ থেকে নেমে বর্তমানে মাইনাস ১৬ শতাংশে দাঁড়িয়েছে। তুলনায় রাশিয়ার অবস্থান মাইনাস ১১ শতাংশ এবং চীনের প্লাস ৭ শতাংশ।

জরিপটি পরিচালনা করেছে পোলিং প্রতিষ্ঠান নিরা ডেটা। গত ১৯ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৯৮টি দেশের ৯৪ হাজারের বেশি মানুষের মতামত নেওয়া হয়। এর মধ্যে ৮৫টি দেশের ৪৬ হাজার ৬০০ জনের উত্তরের ভিত্তিতে বিভিন্ন দেশের ভাবমূর্তি মূল্যায়ন করা হয়েছে।

১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ‘কোপেনহেগেন ডেমোক্রেসি সামিট’-এর আগে এই প্রতিবেদনটি প্রকাশিত হলো।

সূত্র: রয়টার্স

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন