ইরান নিয়ে ট্রাম্পের ‘কোনো বাস্তব পরিকল্পনা নেই’: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

ইরান নিয়ে ট্রাম্পের ‘কোনো বাস্তব পরিকল্পনা নেই’: সাবেক মার্কিন রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো ‘বাস্তব পরিকল্পনা নেই’ বলে মন্তব্য করেছেন বাহরাইনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যাডাম এরেলি। তিনি বলেন, যদিও চলতি সপ্তাহে ট্রাম্প কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখতে তার পরিকল্পিত হামলা বাতিল করেছেন কি না তা নিশ্চিত করে বলা অসম্ভব, তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে এটি স্পষ্ট যে তার কোনো বাস্তবসম্মত পরিকল্পনা নেই।

বিজ্ঞাপন

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এরেলি বলেন, ট্রাম্প প্রশাসন নিজেদের তৈরি করা অন্ধগলি বা গোলকধাঁধা থেকে সবচেয়ে দ্রুত এবং কম খরচে বেরিয়ে আসার উপায় খুঁজছে।

পুরো যুদ্ধজুড়ে ট্রাম্পের আচরণে একটি নির্দিষ্ট ধরনের পুনরাবৃত্তি বা ধাঁচ লক্ষ্য করা গেছে বলে সাবেক এই রাষ্ট্রদূত উল্লেখ করেন।

প্রথমত, ট্রাম্প নিজেকে বোঝান যে যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর ক্রমাগত ভারী হামলা চালিয়ে যায়, তবে এটি ইসলামি প্রজাতন্ত্রটিকে একটি চুক্তিতে আসতে বাধ্য করবে।

এরপর, কয়েকটি উপসাগরীয় দেশের নেতারা তাকে ফোন করে এই হামলা না চালানোর জন্য অনুরোধ করেন। কারণ ইরানের পাল্টা জবাবের শিকার হতে হবে তাদেরই—বলেন এরেলি। তখন ট্রাম্প একধাপ পিছিয়ে এসে বলেন যে যুক্তরাষ্ট্র ‘কূটনীতিকে আরও একটি সুযোগ দেবে’, তবে ইরান চুক্তি প্রত্যাখ্যান করলে হামলা চালানোর জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারিও বহাল রাখেন।

এরেলি বলেন, এর ফলে পরিস্থিতি একই জায়গায় থেকে যাচ্ছে—‘ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখছে, ট্রাম্প বলছেন চুক্তি হয়েছে, পরে সেই চুক্তি ভেঙে যাচ্ছে এবং পুরো প্রক্রিয়া আবার শুরু হচ্ছে।’

সূত্র: আলজাজিরা

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন